'বাহুবলী'র রেকর্ড ভাঙল 'শ্রীমানঠুডু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শ্রীমানঠুডু’ ছবির দৃশ্য
‘শ্রীমানঠুডু’ ছবির দৃশ্য

তেলেগু চলচ্চিত্রনির্মাতা এসএস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ ছবি নিয়ে তোলপাড় চলছে। ছবিটি তৈরিতে ব্যয় হয়েছে ২৫০ কোটি রুপি। ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি হিসেবে রেকর্ড গড়ার পাশাপাশি মুক্তির প্রথম দিনে ৫০ কোটি রুপি আয় করে আরেকটি রেকর্ড গড়ে ‘বাহুবলী’। পরে আরও রেকর্ড জমা হয় ছবিটির ঝুলিতে। সম্প্রতি ‘বাহুবলী’র একটি রেকর্ড ভেঙে দিয়েছে সদ্য মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘শ্রীমানঠুডু’। যুক্তরাষ্ট্রে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর টিকিট বিক্রি হয়েছে ১৫ হাজার ডলারে। ‘বাহুবলী’র টিকিট বিক্রি হয়েছিল মাত্র ৬২ থেকে ১২৫ ডলারে।
‘শ্রীমানঠুডু’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মহেশ বাবু ও শ্রুতি হাসান। ছবির বাজেট ৫২ কোটি রুপি। ছবিতে অভিনয়ের পাশাপাশি যৌথভাবে প্রযোজনাও করেছেন মহেশ বাবু। তেলেগু ছবির জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর প্রচুর ভক্ত আছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি দেশে। সেসব জায়গায় এর আগেও তাঁর অভিনীত একাধিক ছবি ভালো ব্যবসা করেছে। বিষয়টি বিবেচনায় নিয়ে কেবল যুক্তরাষ্ট্রেই ১৫০ টিরও বেশি প্রেক্ষাগৃহে ‘শ্রীমানঠুডু’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন নির্মাতারা। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।
এর আগে ‘বাহুবলী’ ছবির টিকিট চার থেকে আট হাজার রুপিতে বিক্রির খবর শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন বলিউডসহ ভারতের অন্যান্য চলচ্চিত্রশিল্পের একাধিক তারকা। একজন দর্শক ১০ হাজার রুপি দিয়ে ‘বাহুবলী’র একটি টিকিট কিনেছেন বলেও খবর চাউর হয়েছিল। এবার সেই রেকর্ড ভেঙে দিল মহেশ বাবুর ‘শ্রীমানঠুডু’। ছবিটি সামনে ‘বাহুবলী’র আর কোনো রেকর্ড ভাঙতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়।