‘বিউটিফুল বাংলাদেশ’ দেখানো হবে খেলার দুটি চ্যানেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন থেকে বিভিন্ন খেলার চ্যানেলে নিয়মিত দেখানো হবে বাংলাদেশের পর্যটনের ওপর ভিত্তি করে তৈরি তথ্যচিত্র বিউটিফুল বাংলাদেশ। চ্যানেলগুলো হলো স্টার স্পোর্টস ও ইএসপিএন। কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে তথ্যচিত্রটি পাঠানো হবে। বাংলাদেশের পর্যটনের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এই তথ্যচিত্র।’ বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী। বিউটিফুল বাংলাদেশ তথ্যচিত্রটি নিয়ে গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে এটির নির্মাতা প্রতিষ্ঠান গ্রে। আইসিসি ও পর্যটন বাংলাদেশের কাছ থেকে তথ্যচিত্রটি তৈরির দায়িত্ব পায় গ্রে। তথ্যচিত্রটির মূল ধারণা ও কাহিনি তৈরি করেছেন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান গ্রের ব্যবস্থাপনা পরিচালক গাওসুল আলম শাওন। এটি পরিচালনা করেছেন গাজী শুভ্র। এখানে সংগীত করেছেন অদিত।শফিক আলম মেহেদী বলেন, ‘তথ্যচিত্রটি শুধু বাংলাদেশের পর্যটনের জন্য ভালো কাজ নয়, একটি বড় কাজও হয়েছে।’গাওসুল আলম শাওন বলেন, ‘আমরা বিউটিফুল বাংলাদেশ স্লোগানের ওপর ভিত্তি করে “স্কুল অব লাইফ” শিরোনামে একটি ইমেজ তৈরির চেষ্টা করেছি। এখানে দেখানো হয়েছে, বাংলাদেশ একটা স্কুল, এখান থেকে বিশ্বের যে কারও শেখার ও জানার আছে। যে কেউ এখানে আসতে পারে। তাই তো তথ্যচিত্রটির শেষে বলা হয়েছে “অ্যাডমিশন গোয়িং অন...”।’গাজী শুভ্র বলেন, ‘কাজটার মধ্য দিয়ে আমরা বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের একটা ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছি।’