‘বিগ বস’কে সানি লিওনের না!
ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়েই বলিউডের টিকিট পেয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল-অভিনেত্রী সানি লিওন। ‘জিসম ২’ ছবির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন এই শোকেই। তার পরও ৩১ বছর বয়সী এ তারকা সম্প্রতি জানিয়েছেন, আর কখনোই তিনি বিগ বসে অংশ নেবেন না।‘আমি আর কখনোই “বিগ বস” হাউসে ফিরতে চাই না। কারণ, সেটা আমার কাছে “পাগলা গারদ” বলেই মনে হয়েছে। তবে এটা ঠিক যে, এই “বিগ বস”ই আমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। এই শোতে অংশ নেওয়ার পর সম্পূর্ণ নতুন একটি জগতের দুয়ার খুলে গেছে আমার সামনে; যা আমি কখনো কল্পনাও করিনি।’ সানির উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।‘বিগ বস’-এ সানি লিওনকে দেখার পর তাঁকে ‘জিসম ২’ ছবিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন ছবিটির কাহিনিকার ও চিত্রনাট্যকার মহেশ ভাট। এ প্রসঙ্গে সানি জানিয়েছেন, ‘আমি তখন বিগ বস হাউসে ছিলাম। একদিন ভাট সাহেব আমার কাছে এলেন এবং ‘জিসম ২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দিলেন।’সানি আরও জানিয়েছেন, ‘এমন একটা সুযোগ আমার কাছে আসবে, সেটা স্বপ্নেও ভাবিনি। প্রস্তাবটি পাওয়ার আগে আমি শুধু দিন গুনছিলাম, কবে ‘বিগ বস’ হাউস থেকে বের হতে পারব। এমনও ভেবেছিলাম, সেখান থেকে বের হওয়ার পর আর কখনোই ভারতমুখো হব না। কিন্তু ভাট সাহেবের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর সব হিসাব-নিকাশ পালটে গেল।’উল্লেখ্য, একজন পর্নো তারকাকে ঘিরে গড়ে উঠেছে ‘জিসম ২’ ছবির গল্প। এর কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন কানাডিয়ান পর্নো অভিনেত্রী সানি লিওন। ছবিটিতে আরও অভিনয় করেছেন অরুণোদয় সিং, রণদীপ হুদা, ইমরান জাহিদ, আরিফ জাকারিয়া প্রমুখ।পূজা ভাটের পরিচালনায় ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ৩ আগস্ট।