'বিচারক হওয়া মানে পোদ্দারি করা না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

‘বিচারক হওয়া মানে কিন্তু পোদ্দারি করা না। বিচারক হওয়ার কারণে সঙ্গে আমি নিজেও কিন্তু সমৃদ্ধ হচ্ছি। এসব উৎসবে বিচিত্র সব কাজ দেখার সুযোগ হয়। আর তা আমাকে সমৃদ্ধ করে।’ কথাগুলো পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর। বুসান চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের অফিশিয়াল বিচারক হওয়ার আমন্ত্রণ জানানোর পর প্রথম আলোর সঙ্গে আলাপে এমন মন্তব্য করেন এই পরিচালক।

আগামী ৯ অক্টোবর বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকা ছাড়বেন ফারুকী। ১৫ অক্টোবর সমাপনী উৎসব শেষ হলে তবেই দেশে ফিরবেন। বুসান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ‘সেরা এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ ও ‘সেরা কোরীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ নির্বাচনের দায়িত্বে থাকবেন ফারুকী।
ফারুকী বলেন, ‘এই বুসান উৎসবে ২০০৯ সালে “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” সিনেমা দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। এর মাধ্যমে আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখা হয়। এরপর ২০১২ সালে বুসান চলচ্চিত্র উৎসবে আমার “টেলিভিশন” সিনেমাটি সমাপনী দিনে দেখানো হয়। এরপর তো “পিঁপড়াবিদ্যা” সিনেমাটি তাদের অফিশিয়াল নির্বাচনও ছিল। ফলে সেই একই উৎসবে আমি যখন জুরি হিসেবে আমন্ত্রণ পাওয়ার ব্যাপারটি আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত বলে মনে করি। শুধু তা-ই নয়, বাংলাদেশের জন্যও এটি গৌরবের ব্যাপার।’
ফারুকী এও বলেন, ‘প্রত্যেকটা জায়গায় যখন জুরি হিসেবে যাই, সেটা অ্যাপসা হোক কিংবা বুসান হোক, জুরি হয়ে যাওয়ার মানে কিন্তু পোদ্দারি করা না। জুরি হওয়ার কারণে আমার বিচিত্র বিষয়ের সিনেমা দেখার সুযোগ হয়। এই ছবিগুলো দেখে আমি নিজে অনেক বিষয়ে জানতে পারছি। এর কারণে একই সঙ্গে আমিও সমৃদ্ধ হচ্ছি। আমি মনে করি, বিচিত্র সব কাজ দেখার কারণ একজন মানুষ বিচিত্র সব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।’
কথায় কথায় ফারুকী জানালেন এশিয়ান সিনেমার উজ্জ্বল ভবিষ্যতের কথাও। তাঁর মতে, সামনের সময়টাতে এশিয়ান সিনেমার অবস্থা আরও অনেক ভালোর দিকে যাবে। ফারুকী বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কিন্তু এখন বৈপ্লবিক সব কাজ হচ্ছে। বুসানের মতো উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দিকে তাকালে বোঝা যাবে যে এশিয়ার সিনেমার ভবিষ্যৎ কী। এখন যাঁরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানাচ্ছেন, এঁরাই কিন্তু পরে ফিচার ফিল্ম বানাবেন। ফলে এটা আমাকে একধরনের প্রাণবন্তও করে তোলে। আমিও এখানে অংশ নিয়ে নিজেকে তরুণ ভাবাতে পারব। এই কারণে এই ধরনের উৎসবে বিচারক হওয়াটা আমার জন্য লাভজনকও বটে।’
বুসান চলচ্চিত্র উৎসবের এবারের আসরে সেরা এশীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও কোরিয়ার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচনের দায়িত্বে ফারুকী ছাড়াও পালন করবেন মিউনিখ উৎসবের প্রোগ্রামার বার্নহার্ড কার্ল ও কোরীয় চলচ্চিত্র সমালোচক নাম দা ইউন। মালির খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোলেমানু সিসের নেতৃত্বে এ উৎসবে পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে বিচারক থাকছেন রটারডাম উৎসব পরিচালক বেরো বেয়ার, ‘লাঞ্চবক্স’ ও ‘মাসান’ ছবির প্রযোজক গুণিত মঙ্গা, কোরীয় পরিচালক ঝ্যাং লু ও ইরানি পরিচালক মাহমুদ কালারি।
উৎসবের এক্সটার্নাল বিচারক হিসেবে নেটপ্যাক থেকে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের আরেক নির্মাতা গোলাম রাব্বানী।