‘বিজন চৌধুরী: শ্রদ্ধার্ঘ্য’
ভারতের বিশিষ্ট শিল্পী এবং ঢাকা আর্ট ইনস্টিটিউটের প্রথম আবর্তনের ছাত্র বিজন চৌধুরী সম্প্রতি পরলোকগমন করেন। ১৯৫৮ সালে এ দেশ ত্যাগ করার পরও বাংলাদেশের সঙ্গে তাঁর যোগাযোগ অক্ষুণ্ন ছিল এবং তাঁর সৃজনভূমিতে এ দেশের নানা অনুষঙ্গ ছাপ ফেলেছিল। তিনি তাঁর কাজে স্বকীয় এক ধারা সৃষ্টি করে ভারতে নিজেকে প্রতিষ্ঠা করেন।এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ মঙ্গলবার থেকে ‘শ্রদ্ধার্ঘ্য: বিজন চৌধুরী’ শীর্ষক এক বিশেষ প্রদর্শনী শুরু হবে।আজ সন্ধ্যা ছয়টায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে ১০ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুুরী এবং কলকাতার শিল্পী ও শিল্পসমালোচক দেবব্রত চক্রবর্তী।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৩২। জীবন ও সমাজের প্রতি শিল্পী বিজন চৌধুরীর দায় ও অঙ্গীকার তাঁর সৃষ্টিতে বিশেষ ব্যঞ্জনা নিয়ে উঠে এসেছিল। ভারতীয় লোককলা, ঐতিহ্য ও গণমানুষের সংগ্রাম সর্বদা তাঁকে প্রাণিত করেছে। এই বিষয়াবলিকে ভিত্তি করে ছবি এঁকেছেন তিনি। আধুনিক জীবনের জটিলতা ও জীবনযন্ত্রণাকে রূপায়িত করে তিনি এক বৈশিষ্ট্যের অধিকারী হন। প্রাচীনকালের জীবনযাত্রার নানা অনুষঙ্গও তাঁর সৃজনভূমিকে সমৃদ্ধ করেছে। পুতুলের ফর্ম আধুনিক অভিব্যক্তিতে তাঁর সৃষ্টিতে বাঙ্ময় হয়ে উঠত। প্রদর্শনী চলবে ৩১ মে ২০১২ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।