
মাহফুজ আহমেদ। অভিনয়শিল্পী, নাটক পরিচালনা করছেন নিয়মিত। এটিএন বাংলায় এখন পুনঃপ্রচার করা হচ্ছে তাঁর ধারাবাহিক নাটক
বুনো চালতার গাঁয়।
‘বুনো চালতার গাঁয়’...
এখনো অনেক গ্রাম আছে, যেখানে কিছু মানুষ আলো ও অন্ধকারের পার্থক্য জানে না। তেমনই একটা গ্রামের গল্প নিয়ে বুনো চালতার গাঁয় নাটকটি। ছয় পর্বের এই নাটক প্রচারিত হয়েছিল গত বছর কোরবানির ঈদে।
‘ভালো থেকো সবুজ পাতা’...
বুনো চালতার গাঁয় ধারাবাহিকের সিক্যুয়েল এটি। লিখেছেন প্রসূন রহমান, চিত্রনাট্য ও পরিচালনা আমিই করছি। পাঁচ পর্বের এই ধারাবাহিকটি এবার কোরবানির ঈদে প্রচারিত হবে এটিএন বাংলায়। বুনো চালতার গাঁয় নাটকে যাঁরা অভিনয় করেছিলেন, তাঁরাই অভিনয় করছেন। সঙ্গে যুক্ত হয়েছেন শাহেদ শরীফ খান, শিরিন শীলা, ফারাহ রুমাসহ আরও কয়েকজন অভিনয়শিল্পী।
ঈদের নাটক...
এনটিভিতে প্রচারিত হবে একটি টেলিছবি। লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালক নিয়াজ মাহবুব। আমার সঙ্গে অভিনয় করেছেন তারিন, রিচি ও অপি করিম। আরটিভির জন্য করেছি শেষ বিকেলে গল্প আর চ্যানেল আইয়ে প্রচারিত হবে কেবলই রাত হয়ে যায়।
বিজ্ঞাপনের ব্যস্ততা...
বিজ্ঞাপনচিত্রের নির্মাতা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। নাটকে অভিনয় বা পরিচালনা করতে করতে অনেক সময় একঘেয়েমি বা ক্লান্তি কাজ করে। তখন বিজ্ঞাপনের কাজ করি একঘেয়েমি কাটানোর জন্য। আমার বিজ্ঞাপনী সংস্থা নকশিকাঁথাকে সচল রাখার জন্যও কাজ করতে হয়।
লেখক, সাংবাদিক মাহফুজ আহমেদ...
সাংবাদিকতা দিয়ে আমার ক্যারিয়ার শুরু। তাই লেখালেখি থেকে দূরে থাকতে পারি না। আমি হয়তো কাগজে-কলমে লিখছি না, কিন্তু পর্দায় ঠিকই লিখছি। আমি যাঁর চিত্রনাট্য নিয়েই কাজ করি না কেন, সংলাপগুলো নিজের মতো করে নিই। আমার পরিচালিত নাটকে যা বলি, তাতে রিপোর্টিংয়ের ছোঁয়া থাকে।
আমার মেয়ে আরাধ্য...
আরাধ্য ভালো আছে। প্রথমে ভেবেছিলাম, এত কঠিন নামটা ও উচ্চারণ করতে পারবে কি না! কিন্তু আশ্চর্যের বিষয়, ও এখন নিজের নাম উচ্চারণ করতে পারে! বলে, ‘আধ্য আধ্য’! আমি বাসায় না ফেরা পর্যন্ত জেগে থাকে। সন্তানদের সঙ্গে সময় কাটানো মা-বাবার জন্য শ্রেষ্ঠ সময়, সবচেয়ে আনন্দের সময়—আমারও তেমন সময় কাটছে।
মাহফুজ রহমান