'বিজয়ের গান' অ্যালবামের মোড়ক উন্মোচন
বিজয় দিবসকে সামনে শুরু হয়েছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় আজ উন্মোচিত হয়েছে ‘বিজয়ের গান’ শীর্ষক সিডির মোড়ক উন্মোচন। এটি কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার ও বুশরা শাহরিয়ারের যৌথ অ্যালবাম। একটি গান নিয়েই এই অ্যালবাম। গানের কথা ও সুর করেছেন বুশরা শাহরিয়ার। গতকাল বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ছিল ‘বিজয়ের গান’ অ্যালবামের মোড়ক উন্মোচনের আয়োজন। অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল ইক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের বিজয়ের যে ধারাবাহিক ইতিহাস রচিত হয়েছে, অ্যালবামটিতে তা-ই তুলে ধরা হয়েছে। এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে ভালোবেসে এ ধরনের কাজ করছে, এটাই অনেক বড় আনন্দের ব্যাপার।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘বিজয়ের মাসে এ ধরনের সিডির মোড়ক উন্মোচন নিঃসন্দেহে খুবই সময়োপযোগী উদ্যোগ। একাত্তরের চেতনা যে তরুণ প্রজন্ম ধারণ করছে, আজকের অনুষ্ঠান তা-ই প্রকাশ করে।’
অনুষ্ঠানটি শুরু হয় প্রজেক্টরে বিজয়ের গান দেখানোর মধ্য দিয়ে। অনুষ্ঠানের শুরুতেই নিজেদের বক্তব্য তুলে ধরেন অ্যালবামের দুই শিল্পী।
নিজের অ্যালবাম সম্পর্কে বুশরা শাহরিয়ার বলেন, ‘আমাদের বিজয়ের ধারা অব্যাহত আছে কিনা, সেই প্রশ্ন থেকে এই অ্যালবাম তৈরির ভাবনা মাথায় আসে। এ অ্যালবামের ভিডিওচিত্রে বিজয়ের ধারাবাহিক ইতিহাসের অনেকাংশই সংযোজিত হয়েছে।’ অ্যালবামটি বাজারে এনেছে ব্যান্ড ফোকাস।