'বিদ্রোহী বুড়িগঙ্গা'র যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দেশ অপেরার প্রযোজনায় বিদ্রোহী বুড়িগঙ্গা যাত্রাপালার একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো
শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে দেশ অপেরার প্রযোজনায় বিদ্রোহী বুড়িগঙ্গা যাত্রাপালার একটি মুহূর্ত l ছবি: প্রথম আলো

এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক বহু ঐতিহাসিক ঘটনার নীরব সাক্ষী হয়ে আছে বাংলাদেশের এক নদী বুড়িগঙ্গা। নদীর বাঁকে বাঁকে রাজধানী ঢাকার বেড়ে ওঠা এবং নবাব সিরাজউদ্দৌলার আমলে অনেক বেদনাদায়ক ঘটনাও ঘটেছে এই নদীপথে। এসব নিয়ে তৈরি হয়েছে যাত্রাপালা বিদ্রোহী বুড়িগঙ্গা। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো মঞ্চস্থ হলো পালাটি।
গ্রামবাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী একটি শিল্পমাধ্যম যাত্রাপালা। কিন্তু একশ্রেণির অসাধু মানুষের কারণে অশ্লীল নৃত্য আর নানা দুর্নামে জর্জরিত এই শিল্পটি আজ নির্বাসনের পথে। তাই বলে একেবারে থেমে থাকেনি এ শিল্পের চর্চা। থেমে নেই যাত্রাশিল্পে নিবেদিত মানুষগুলো। যার ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হলো বিদ্রোহী বুড়িগঙ্গা।
পরীক্ষণ থিয়েটারের উদ্বোধন হওয়া পালাটি আমিনুর রহমান সুলতানের লেখা। নির্দেশনা দিয়েছেন মিলন কান্তি দে। যাত্রাদল দেশ অপেরা প্রযোজিত এ পালার উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী। রাজনীতিক ও সাহিত্যিক হায়দার আকবর খান রনোর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান।
যাত্রাপালাটিতে পলাশীর বিয়োগান্ত পরিণতির পর ইংরেজদের বিরুদ্ধে সন্ন্যাসী, ফকির ও মসলিন কারিগরদের বিক্ষোভ ও বিদ্রোহের একাধিক চরিত্রকে প্রতীকী ব্যঞ্জনায় তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এম আলীম, মো. রফিক, মঞ্জুরুল আলম, এম সিরাজ, শাহ্ মোহাম্মদ আলী, অলিউল্লাহ অলি, সুদর্শন চক্রবর্তী, রফিকুল ইসলাম, আবুল হাসেম, এম হাসেম, এম আলম, শংকর সরকার, রহিম, মোজাম্মেল হক, ইদ্রিস, লুৎফুন নাহার, রিক্তা সুলতানা, মনিমালা, আরিশা জামান, আলতাফ হোসেন ও মিলন কান্তি দে।
প্রথাগত পালার মতো গতকালের প্রদর্শনীতেও সংগীত বিশেষ ভূমিকা রেখেছে। শংকর সরকারের সংগীত পরিচালনায় বাদ্যযন্ত্রে ছিলেন গোকুল ঘোষ, পার্থ ভজন, গুরুদাস ও খালেক এবং রূপসজ্জায় ছিলেন নয়ন শেখ।