‘বিদ্রোহী’র নব্বই বছর
‘বল বীর—/বল উন্নত মম শির!/শির নেহারি’ আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির!...’ বাক্যগুলো কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার। দর্শক-শ্রোতা, অতিথি ও শিল্পীরা সমবেত কণ্ঠে এ কবিতা আবৃত্তি করে সূচনা করেন অনুষ্ঠানের।কবির ১১২তম জন্মবার্ষিকী ও তাঁর রচিত কবিতা ‘বিদ্রোহী’র নব্বই বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনের এ অনুষ্ঠানে ‘বিদ্রোহী’র সম্মেলক আবৃত্তির পর ‘বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির-উন্নত শির!’ শীর্ষক কবিতা আবৃত্তি ও নৃত্য নির্মিতি উপস্থাপন করেন পরিষদের শিল্পীরা। ‘বিদ্রোহী’, ‘মানুষ’, ‘সাম্যবাদী’ প্রভৃতি কবিতার সমন্বয়ে তৈরি এ আবৃত্তি ও নৃত্য নির্মিতিতে নৃত্য পরিবেশন করেন রওজাতুল জান্নাত। এর আগে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আসাফ্উদ্দৌল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।