‘বিদ্রোহী’র ৯০ বছর পূর্তিতে নজরুলগীতি সন্ধ্যা
নব্বই বছর আগে প্রকাশিত হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’। এর প্রকাশনার নব্বই বছর পূর্তি উপলক্ষে চলতি মাসের ১৮ তারিখে নজরুলগীতি সন্ধ্যার আয়োজন করা হয়েছে রাজধানীর গুলশানে অবস্থিত ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে।১৮ মে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠেয় এই সংগীত সন্ধ্যায় গান গাইবেন নজরুলসংগীতের প্রখ্যাত শিল্পী ফেরদৌস আরা। আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।উল্লেখ্য, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত শিল্পী ফেরদৌস আরা। ১৯৮৫ সালে সারগামের ব্যানারে প্রকাশিত হয় তাঁর প্রথম নজরুলসংগীতের অ্যালবাম। ১৯৯৯ সালে গুণী এই শিল্পীর কণ্ঠে গাওয়া ১৩টি নজরুলসংগীত নিয়ে গানের সিডি প্রকাশ করে এইচএমভি। এ ছাড়া বেশ কয়েকটি আধুনিক গানের অ্যালবামও প্রকাশ করেছেন ফেরদৌস আরা।নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীত শেখান ফেরদৌস আরা। এখন পর্যন্ত তিনি বেশ কয়েকটি চলচ্চিত্র, নাটক ও প্রামাণ্যচিত্রে কণ্ঠ দিয়েছেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন স্বর্ণপদকসহ একাধিক জাতীয় পুরস্কার জিতেছেন প্রখ্যাত এই সংগীতশিল্পী।