'বিলবোর্ড'-এর মেয়েরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হ্যালসি, শানিয়া টোয়াইন, অ্যালিসিয়া কারা, ম্যারেন মরিসের, মেগান ট্রেইনর ও অ্যান্ড্রা ডে
হ্যালসি, শানিয়া টোয়াইন, অ্যালিসিয়া কারা, ম্যারেন মরিসের, মেগান ট্রেইনর ও অ্যান্ড্রা ডে

‘বিলবোর্ড উওম্যান ইন মিউজিক’, প্রতিবছরই বিলবোর্ড ম্যাগাজিন গানের রুপালি জগতের নারীদের জন্য এই পুরস্কার দিয়ে থাকে। সংগীতের ঝিকিমিকি দুনিয়াতে বিচরণ অনেক শিল্পীর, তাঁদের মধ্যেই সেরাদের জন্য তুলে রাখা এই পুরস্কার! বিলবোর্ড-এর ভাষাতে বলতে গেলে, ‘সংগীতজগতের যেসব তারকা এই শিল্পে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এবং কাজের ও সাফল্যের মাধ্যমে প্রজন্ম ধরে নারীদের উৎসাহ জুগিয়েছেন, তাঁদের জন্যই এই পুরস্কার।’

ম্যাডোনা
ম্যাডোনা

২০০৭ থেকে প্রতিবছরই বিলবোর্ড এই পুরস্কার দিয়ে আসছে। এবার আসর বসছে ১১তম বারের মতো। এই বছরও বেশ কিছু বিভাগে পুরস্কার পাচ্ছেন জনপ্রিয় বেশ কিছু শিল্পী। তবে তাঁদের মধ্যে নিশ্চিতভাবে সবচেয়ে বেশি আলো ছড়াবেন পপ জগতের সম্রাজ্ঞী ম্যাডোনা। এবার তাঁর হাতেই উঠছে ‘উওম্যান অব দ্য ইয়ার’-এর পদক। প্রজন্ম ধরে ম্যাডোনা নারীদের উৎসাহিত করে আসছেন তাঁর কণ্ঠ আর অনন্য প্রতিভা দিয়ে, একাই রাজত্ব করেছেন বিশ্বজুড়ে, তাই তাঁর হাতে সেরা নারীর এই পুরস্কারই তো মানায়!

কেশা
কেশা


ইলেকট্রোপপ ঘরানার হ্যালসি পাচ্ছেন ‘রাইজিং স্টার’, কান্ট্রি সিঙ্গার শানিয়া টোয়াইন পাচ্ছেন ‘আইকন অব দ্য ইয়ার’ অ্যাওয়ার্ড। অ্যালিসিয়া কারা ২০১৫ সালের শেষের দিকে ঝলক দেখিয়েছিলেন তাঁর অনন্য গায়কি দিয়ে। বিলবোর্ড-এর সেরা পাঁচেও জায়গা করে নিয়েছিলেন। তাঁর হাতেই উঠছে এবারের ‘রুল ব্রেকার’ অ্যাওয়ার্ড। বেশ কয়েকটা কঠিন বছর কাটানোর পর ‘ট্রেইলব্লেজার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কেশা।
মেগান ট্রেইনর আগেই নিজের ঝুলিতে তুলেছেন গ্র্যামি অ্যাওয়ার্ড, এবার ‘চার্ট টপার’-এর খেতাবটাও নিয়ে নিলেন নিজের দখলে। ম্যারেন মরিসের হাতে উঠছে ‘ব্রেকথ্রু আর্টিস্ট’ অ্যাওয়ার্ড। এই দুজন এবার গানও পরিবেশন করবেন অনুষ্ঠানে। আর শেষে যার কথা বলব, তিনি হচ্ছেন ‘অ্যান্ড্রা ডে’। মাত্র গত বছরই বের করেছেন প্রথম অ্যালবাম, সেটি দিয়ে নজর কেড়েছেন সবার। আর এন বি ধাঁচের এই শিল্পীর হাতে উঠছে এবারের ‘পাওয়ার হাউস’ পুরস্কার।
এবারের নমিনিদের গান নিয়ে সাজানো একটি তালিকা পাবেন বিলবোর্ড-এর ওয়েবসাইটে। সেখান থেকে শুনে নিতে পারেন প্রিয় শিল্পীর গান। অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে, সম্প্রচারিত হবে ১২ ডিসেম্বর লাইফটাইম চ্যানেলে।
উইকিপিডিয়া ও বিলবোর্ড অবলম্বনে