‘বিশ্বমানবের সাধক রবীন্দ্রনাথ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সৃষ্টিশীল কাজের কেন্দ্রে ছিল মানুষ। মানুষকেই আরাধ্য জেনেছেন তিনি। নিজ রচনায় সর্বমানবকে খুঁজে ফিরেছেন বিশ্বমানবের সাধক রবীন্দ্রনাথ। চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। গতকাল শুক্রবার ছিল দুই দিনব্যাপী আলোচনা অনুষ্ঠানের প্রথম দিন।তিন পর্বে বিভক্ত প্রথম দিনের প্রথম পর্বের আলোচনা সভা শুরু হয় সকাল ১০টায়। উদ্বোধনী ভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। এর আগে স্বাগত ভাষণ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক লায়লা জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। সভাপতিত্ব করেন অধ্যাপক শিপ্রা দস্তিদার।আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথ জাতীয়তাবাদকে সংকীর্ণ ও বিপজ্জনক মতবাদ হিসেবে চিহ্নিত করেছেন। এ জন্য বঙ্গভঙ্গ রদ আন্দোলন থেকে তিনি সরে আসেন। সবার ঊর্ধ্বে দেশকে স্থান দিতে হবে, এমন দর্শনে বিশ্বাস করতেন না। তিনি সব সময় চেয়েছেন, তাঁর দেশের মানুষ হবে বিশ্ব নাগরিক। এ জন্য বিশ্বভারতীর পাঠক্রমে সংস্কৃত ও ফার্সির পাশাপাশি অন্তর্ভুক্ত করেছেন ইউরোপীয় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। এক অর্থে, সর্বমানবের সাধক ছিলেন তিনি।’ আলোচনা অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ‘রবীন্দ্রনাথের ভাষাচিন্তা: ঐতিহাসিক ভাষাতত্ত্বের প্রেক্ষিত’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক মনিরুজ্জামান এবং ‘রবীন্দ্রনাথের লোকহিত: সমাজভাবনা’ প্রবন্ধের উপস্থাপন করেন অধ্যাপক মাহবুবুল হক। এতে সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পবিত্র সরকার। এ দুই বিষয়ের ওপর আলোচনা করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইয়ুম ও অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম।সভাপতির বক্তব্যে পবিত্র সরকার বলেন, ‘উপস্থাপিত প্রবন্ধ দুটির বিষয় বিপরীতমুখী। এ দুটি বিষয়কে মিলিয়ে কথা বলার স্পর্ধা আমার নেই। কিন্তু উপস্থাপিত দুটি প্রবন্ধেই রবীন্দ্রনাথের ইতিবাচক চিন্তাভাবনার বিষয়গুলোই তুলে আনা হয়েছে।’রবীন্দ্রনাথের সমাজভাবনা প্রসঙ্গে পবিত্র সরকার বলেন, রবীন্দ্রনাথের ভাষায় দেশ চেনা মানে দেশের মানুষকে চেনা। আর এই দেশের মানুষ হচ্ছে দরিদ্র, বঞ্চিত ও শোষিত মানুষ। এসব বঞ্চিত মানুষকে ভালোবাসার চেতনা থেকেই দেশপ্রেমের চেতনা ফুটে ওঠে।বিকেলে তৃতীয় অধিবেশনে ‘রবীন্দ্রনাথ: ঘর ও বাহির’ এবং ‘অন্য আলোয় রবীন্দ্র গল্প ও নারী’ নামে প্রবন্ধের উপস্থাপন করেন যথাক্রমে অধ্যাপক মহিবুল আজিজ ও অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। অধ্যাপক মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাঈদ ও মাখনচন্দ্র রায়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ শনিবার সকাল ১০টা থেকে তিনটি অধিবেশনে রবীন্দ্রবিষয়ক প্রবন্ধপাঠ ও আলোচনা হবে।