‘বিশ্বাস’ ও ‘মজায় মজায় শেখা’র শুরু
আমির আর জারা দুই দুঃসাহসী তরুণ-তরুণী। অতিপ্রাকৃত ও রহস্যময় ঘটনার খোঁজে তাঁরা চষে বেড়ায় দেশের এমাথা থেকে ওমাথা। তাঁদের দুর্দান্ত অভিযান নিয়েই বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট তৈরি করেছে ২৪ পর্বের টিভি ধারাবাহিক বিশ্বাস। আর সঙ্গে থাকবে ইংরেজি শেখার অনুষ্ঠান বিবিসি জানালা—মজায় মজায় শেখা। ইংলিশ ইন অ্যাকশন প্রকল্পের আওতায় তৈরি এই দুটো টিভি অনুষ্ঠানের প্রথম পর্ব ১৬ অক্টোবর দেখানো হবে বিটিভিতে।এই দুটো টিভি অনুষ্ঠানের প্রচার শুরু উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগম, বাংলাদেশ টেলিভিশনের মহাব্যবস্থাপক (অনুষ্ঠান) মনোয়ার উল ইসলাম, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর শার্লট ইমবার্ট, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ডিএফআইডি) কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ক্রিস অস্টিন এবং ইংলিশ ইন অ্যাকশনের টিম লিডার মার্ক ভেন দের স্টোয়া। অনুষ্ঠানের শুরুতে ইংলিশ ইন অ্যাকশন কাজের অগ্রগতি ও নানা দিক তুলে ধরেন মার্ক ভেন দের স্টোয়া। ক্রিস অস্টিন বলেন, ‘ইংলিশ ইন অ্যাকশন কার্যক্রমের আওতায় এটি একটি নতুন অধ্যায়। এ দেশে ইংরেজির চাহিদা ব্যাপক। আমরা এই উদ্যোগের মাধ্যমে সেই অনুপ্রেরণাকে আরও উজ্জীবিত করার চেষ্টা করছি।’শার্লট ইমবার্ট বলেন, ‘যাদের ইংরেজি ভাষায় দক্ষতা কম, বাংলাদেশের সেই সব সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো যাবে। আর এর জন্য আমরা টেলিভিশনের মতো সহজলভ্য প্রচারমাধ্যম ব্যবহার করছি।’ গোয়েন্দা কাহিনি ও অতিপ্রাকৃত ঘরানার গল্পের সমন্বয়ে তৈরি নাটক বিশ্বাস। ধারাবাহিকটির চিত্রায়ন হয়েছে বাংলাদেশ ও যুক্তরাজ্যে। ধারাবাহিকটি পরিচালনার দায়িত্বে ছিলেন গিয়াসউদ্দিন সেলিম, সামির আহমেদ, ওয়ারিস ইসলাম, ইন্দ্র বোস এবং লুইস ক্লোভার। বিনোদনধর্মী ইংরেজি শেখার অনুষ্ঠান বিবিসি জানালা-মজায় মজায় শেখা উপস্থাপনা করবেন মুনমুন, বায়েজিদ ও আলেক্সান্দ্রা টায়ারস।