‘বিশ্বাস’ নাটকে পাঁচটি চরিত্রে শতাব্দী ওয়াদুদ
‘পুরো ঘটনাটি আমার কাছে অনেকটা হলিউডের বিখ্যাত চলচ্চিত্র টার্মিনেটর টুর মতো মনে হয়েছে। তরল পারদ থেকে একজন পূর্ণ মানুষ হিসেবে রূপান্তরিত হয়। আমিও তেমনই কালো কাদামাটির নরম পিণ্ড থেকে ধীরে ধীরে অ্যালিয়েন তারপর সত্যিকারের একজন মানুষে রূপান্তরিত হয়েছি। আর চরিত্রটিতে কাজ করতে গিয়ে আমাকে শারীরিক অভিব্যক্তির ওপর জোর দিতে হয়েছে।’ বললেন শতাব্দী ওয়াদুদ।বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস-এর ‘বেজোড়’ পর্বে অ্যালিয়েন চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু একটি নয়, একই সঙ্গে পাঁচটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। আছে প্রাগৈতিহাসিক এক দানবের চরিত্রও। শতাব্দী বলেন, ‘এখানে চমৎকার মুখোশ ও পোশাক ব্যবহার করা হয়েছে। আর আমাকে ওই চরিত্রের মতো করে সাজিয়ে তোলার পুরো কৃতিত্বই কস্টিউম, মেকআপ ও প্রসথেটিকস পরিচালক এরিকা ওকভিস্টের।’ ‘বেজোড়’ গল্পে বিস্ময়করভাবে ভিনগ্রহবাসী অ্যালিয়েনের মুখোমুখি হয় আবির ও জারা। এর পরই ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। উন্মোচিত হতে থাকে চমৎকার একটি অধ্যায়।বিটিভিতে কাল শনিবার বেলা সোয়া দুইটায় এবং মঙ্গলবার বিকেল তিনটায় দেখানো হবে ধারাবাহিকটি।