'বিষু উৎসব'-এ আমন্ত্রণ

বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের কাছে বর্ষবরণ উৎসবের নাম ‘বিষু উৎসব’। তাই নতুন বছরকে স্বাগত জানিয়ে আগামীকাল থেকে দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেছে মণিপুরি থিয়েটার।
এবারের আয়োজনটি হবে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামে মণিপুর থিয়েটারের নিজস্ব স্টুডিও নটমণ্ডপে। দেশের অন্যতম এই নাট্য সংগঠন বিষু উৎসব ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন খেলার (পাশা খেলা) আয়োজন করেছে।
আগামীকাল উৎসবের প্রথম দিন। এদিন মণিপুরি থিয়েটার ও ধ্রুমেল শিল্পীদের পরিবেশনায় থাকবে ঋতুবন্দনা, নৃত্য, সংগীত, কবিতাপাঠ, মৃদঙ্গচোলম। সন্ধ্যায় পরিবেশন করা হবে নাটক ‘নদ্দিউ নতিম’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাসের নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এতে অভিনয় করেছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান সুবর্ণা ও মেঘদূত।
পরদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মণিপুরিদের ঐতিহ্যবাহী নিকন খেলা। মধ্যরাত অবধি চলা এই খেলার মাধ্যমেই শেষ হবে এবারের বিষু উৎসব।