'বীভত্স' সাইফ, রাম, রিতেশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হামসকলস’ ছবির দৃশ্যে (বাঁ দিক থেকে) রাম কাপুর, সাইফ আলী খান ও রিতেশ দেশমুখ
‘হামসকলস’ ছবির দৃশ্যে (বাঁ দিক থেকে) রাম কাপুর, সাইফ আলী খান ও রিতেশ দেশমুখ

‘হাউসফুল’ খ্যাত নির্মাতা সাজিদ খান পরিচালিত ছবি ‘হামসকলস’ মুক্তি পাচ্ছে ২০ জুন। কমেডি ঘরানার ছবিটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান, রিতেশ দেশমুখ ও রাম কাপুর। ছবির ‘খোল দে দিলকি খিড়কি’ গানে এক অর্থে বীভত্স রূপেই দেখা গেছে এই তিন অভিনেতাকে। গানটির জন্য মেয়ে সেজে অদ্ভুত ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে সাইফ, রাম ও রিতেশকে। সম্প্রতি গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর রীতিমতো তোলপাড় পড়ে গেছে।

‘খোল দে দিলকি খিড়কি’ গানে কণ্ঠ দিয়েছেন মিকা ও পলক মুছাল। গানের দৃশ্যে সাইফ, রাম ও রিতেশের প্রত্যেককেই দ্বৈত চরিত্রে দেখা গেছে। গানটিতে অদ্ভুত পোশাক পরে মেয়ে সেজে জুটি বেঁধে নাচতে দেখা গেছে সাইফ ও রিতেশকে। আর ছেলে ও মেয়ে বেশ ধরে নিজের সঙ্গেই রোমান্স করতে দেখা গেছে ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা রাম কাপুরকে। গানটিতে ক্যামেরা ও প্রযুক্তির সুনিপুণ কারসাজি দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
‘হাউসফুল’ ও হাউসফুল ২’ ছবির ব্যাপক সাফল্যের পর ‘হামসকলস’ ছবির মাধ্যমে আবার পুরোদস্তুর কমেডি ছবি উপহার দিচ্ছেন সাজিদ খান। ছবিটিতে সাইফ, রাম ও রিতেশ ছাড়াও গুরুত্বপূর্ণ তিনটি চরিত্রে অভিনয় করেছেন বিপাশা বসু, এষা গুপ্তা ও তামান্না ভাটিয়া।
গানটির শুটিংয়ের সময় সাইফের এমন হাস্যকর রূপ দেখে কোনোভাবেই হাসি থামাতে পারছিলেন না সাইফের স্ত্রী ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। তাঁর প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে সাইফ বলেন, ‘কারিনা তো আমাকে এমন অদ্ভুত রূপে দেখে হেসেই খুন। নিশ্চিত করেই বলতে পারি, কারিনার জায়গায় আমি হলে বিচ্ছেদের আবেদন করতাম।’
শুটিংয়ের সময় নিজের কিম্ভূতকিমাকার রূপ দেখে সাইফ নিজেও বিস্মিত হয়েছিলেন। তিনি মজা করে বলেছিলেন, ‘গানের দৃশ্যটিতে রিতেশের সঙ্গে অভিনয় করে দারুণ লেগেছে। তাঁর সঙ্গে চমত্কার কিছু সময় কাটানোর সুযোগ আমার হয়েছে। সত্যিই তিনি অনেক আকর্ষণীয়।’
গত বছর সাইফ অভিনীত জোম্বি কমেডিধর্মী ‘গো গোয়া গান’ ও অ্যাকশন ঘরানার ‘বুলেট রাজা’ ছবিগুলো আশানুরূপ সাফল্যের দেখা পায়নি। অথচ রোমান্টিক কমেডিধর্মী ‘কাল হো না হো’ (২০০৩) ‘হাম তুম’ (২০০৪), ‘সালাম নমস্তে’ (২০০৫) ছবিগুলোতে সাইফের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিগুলো দারুণ ব্যবসাও করেছিল। অনেক দিন থেকেই পুরোদস্তুর কমেডি চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে ছিলেন সাইফ। অবশেষে তাঁকে সেই সুযোগ করে দেন নির্মাতা সাজিদ খান। ‘হামসকলস’ ছবিতে মজার অনেক উপাদান রেখেছেন সাজিদ।
‘হামসকলস’ ছবিতে পুরোদস্তুর কমেডি চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি সাইফ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘অনেক দিন থেকেই এ ধরনের কমেডি ছবিতে অভিনয় করতে চাচ্ছিলাম। কিন্তু ব্যাটে-বলে না মেলায় তা সম্ভব হচ্ছিল না। বরাবরই কমেডি ছবিতে অভিনয় করতে আমার খুব ভালো লাগে। সাজিদকে আমি অনেক পছন্দ করি। নির্দ্বিধায় বলতে পারি, আমি এখন পর্যন্ত যতগুলো কমেডি ছবিতে কাজ করেছি, তার মধ্যে সেরা সাজিদের এই ছবিটি।’