'বৃহন্নলা' নিয়ে যত ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহানা সাবা
সোহানা সাবা

সোহানা সাবা। দেশ টিভিতে এখন নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক রেস্টুরেন্ট টোয়েন্টিওয়ান। নাটকটিতে অভিনয় করছেন সাবা।

ব্যস্ততা আমায় দেয় না অবসর...
মুরাদ (মুরাদ পারভেজ, সাবার স্বামী) নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছে। নাম বৃহন্নলা। এই ছবিতে আমিও অভিনয় করব। এখন বৃহন্নলা নিয়ে আমার যত ব্যস্ততা। এ ছাড়া ঈদের জন্য কিছু নাটক করলাম। আশফাক রহমানের তুমি কি আমার বন্ধু হবে, মুরাদ পারভেজের মর্নিং ওয়াক আর নাদের চৌধুরীর পথের মানুষ।
যে নাটকটা একটু অন্য রকম...
সব নাটকই বেশ ভালো। তবে আশফাক রহমানের তুমি কি আমার বন্ধু হবে নাটকটি নিয়ে আমি খুবই আশাবাদী। গল্পে আমার চরিত্রটা একটু অস্বাভাবিক আচরণ করে। 
‘বৃহন্নলা’র প্রস্তুতি...
ইচ্ছা ছিল ১৫ আগস্ট থেকে ছবিটির শুটিং শুরু করব। এ সময় বৃষ্টির আশঙ্কা থাকায় ১ সেপ্টেম্বর থেকে আমরা কাজ শুরু করব। বাসায় এখন সারা দিন বৃহন্নলা টিমের পরিকল্পনা চলছে। আমি আর মুরাদ এখন অন্য কিছু নিয়ে ভাবতে চাইছি না।
দাদাবাড়িতে হবে ‘বৃহন্নলা’র শুটিং...
এ নিয়ে খুবই রোমাঞ্চিত। আমার দাদাবাড়ি ফরিদপুরের রাজবাড়ীতে। শুটিংয়ের জন্য মুরাদ যে রকম জায়গা খুঁজছিল, রাজবাড়ীতে তেমনটিই পাওয়া গেল। ছবির কিছু অংশের শুটিং হবে গাজীপুরে।
যে গানের সঙ্গে নাচতে সবচেয়ে ভালো লাগে...
ছোটবেলায় ‘প্রজাপতি প্রজাপতি’ গানের সঙ্গে সবচেয়ে বেশি নেচেছি। এখন যেকোনো গানের সঙ্গেই নাচতে ভালো লাগে। একেকটা অনুষ্ঠানের জন্য একেক ধরনের নাচ করতে হয়।
অভিনয়ে নাচের ভূমিকা...
আমি কিন্তু বেশ কিছু নৃত্যনাট্য করেছি। রবীন্দ্রনাথের শ্যামা, চিত্রাঙ্গদা ও মায়ার খেলা আর নজরুলের বেনুকার সুর। এই নৃত্যনাট্যগুলো করতে গিয়ে আমি অনেকখানি অভিনয় শিখেছি।
আমার সেরা কাজ...
আমার খুব সৌভাগ্য, আমি তিনটি উপন্যাস থেকে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে সেরা কাজের কথা বলতে গেলে খেলাঘর-এর কথাই বলব। টানা ২১ দিন শুটিং করার পর আমি চরিত্রটা থেকে বের হতে পারছিলাম না।
আমার কাছে ‘শুভ সকাল’ মানে...
প্রতিটি সকালই আমার কাছে শুভ সকাল। আরও একটা দিন পৃথিবীর আলো-বাতাস দেখতে পারছি, এটাই তো অনেক বড়। যে সকালটা খারাপ কাটে, বুঝে নিই এটা আমার জন্য একটা শিক্ষা ছিল।
 মো. সাইফুল্লাহ