'বৃহন্নলা' নয়, সেরা ছবি 'নেকাব্বরের মহাপ্রয়াণ'
বৃহন্নলা নয়, ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছে নেকাব্বরের মহাপ্রয়াণ। সেরা কাহিনির জন্য পুরস্কার পাচ্ছেন আখতারুজ্জামান ইলিয়াস (মরণোত্তর)। সেরা সংলাপ রচয়িতার পুরস্কার পাচ্ছেন জাহিদুর রহিম অঞ্জন। দুজনই পুরস্কার পাচ্ছেন মেঘমল্লার ছবির জন্য। এরই মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন আকারে তা জানানো হবে। এমনটাই জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে তথ্য মন্ত্রণালয়ের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
এ ব্যাপারে মুরাদ পারভেজের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোন নম্বরে গতকাল রোববার কয়েকবার চেষ্টা করা হয়। তবে রিং হলেও তিনি ফোনকলগুলো রিসিভ করেননি।
এদিকে মুক্তির পর থেকে ঢাকা ও কলকাতার পত্রিকা এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি অনুদান পাওয়া বৃহন্নলা ছবির বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ ওঠে। ‘বাবার গল্প নিয়েছেন বাংলার পরিচালক’ শিরোনামে ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকায় ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর সৈয়দ মোস্তফা সিরাজের বড় ছেলে অভিজিৎ সিরাজের অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাঁর মতে, বৃহন্নলা ছবিটি তৈরি হয়েছে সৈয়দ মোস্তফা সিরাজের ‘গাছটা বলেছিল’ গল্প অবলম্বনে। আর এ অভিযোগ ওঠে ছবির প্রযোজক, পরিচালক, কাহিনিকার ও সংলাপ রচয়িতা মুরাদ পারভেজের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে গান চুরির অভিযোগ করেন রেইনকোট ছবির সুরকার ও সংগীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’ ঘোষণার পর জানা যায়, বৃহন্নলা সেরা ছবি, সেরা কাহিনি ও সেরা সংলাপ রচনার জন্য পুরস্কার পাচ্ছে। এরপর অভিযোগ আরও জোরালো হয়।
এসব অভিযোগের ভিত্তিতে তথ্য মন্ত্রণালয় সম্প্রতি একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটির সুপারিশে এবার মন্ত্রিপরিষদের সভায় বৃহন্নলা ছবির তিনটি পুরস্কার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে মুরাদ পারভেজের বিরুদ্ধে। শাস্তি হিসেবে সরকারি অনুদানের ২৪ লাখ টাকা সুদসহ তাঁকে ফেরত দিতে হতে পারে।
আগামী ১১ মে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।