'বৃহন্নলা'র বিশেষ প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মুরাদ পারভেজের বৃহন্নলা ছবিটি। ছবি মুক্তির আগে আজ মঙ্গলবার সকালে ঢাকার স্টার সিনেপ্লেক্সে আমন্ত্রিত অতিথিদের সম্মানে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহন্নলা ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পরিচালক মুরাদ পারভেজ, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল এবং ছবিটির অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী সোহানা সাবাসহ ছবির কলাকুশলীসহ অনেকে। 
বৃহন্নলা ছবিটি ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানে নির্মিত হয়েছে। গত বছরের ১০ সেপ্টেম্বর থেকে রাজবাড়ী এবং গাজীপুরের বিভিন্ন লোকেশনে টানা ২৮ দিন শুটিং করে ছবিটির দৃশ্যয়ন শেষ করা হয়। এ বছরের ৯ জুন ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। ১৬ জুন সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায় ছবিটি।
উল্লেখ্য, বৃহন্নলা ছবিটি এরই মধ্যে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। 
ফেরদৌস ও সাবা ছাড়া বৃহন্নলা ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন আজাদ আবুল কালাম, দিনার, দিলারা জামান, ইনামুল হক, ঝুনা চৌধুরী, কে এস ফিরোজ, এস এম মহসিন প্রমুখ। 
বৃহন্নলা ছবিতে মোট গান রয়েছে চারটি। গানগুলোর সুর এবং সংগীত করেছে ইমন সাহা। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, দেবলিনা সুর এবং ভারতের ঋতুরাজ সেন। তিনটি গানের কথা লিখেছেন কবির বকুল। একটি গান লিখেছেন দেবলিনা সুর।