তিন মাসব্যাপী জনা কয়েক নির্মাতার চলচ্চিত্র দেখানো হয় ‘বেঙ্গল সিনেমাটেক’-এ। বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী এটি। গত এপ্রিল থেকে শুরু হওয়া এমন প্রদর্শনীর এবারের নির্মাতা হলেন ফরাসি নির্মাতা ক্রিস মার্কার, অ্যালা রেঁনে ও ব্রিটিশ নির্মাতা আলফ্রেড হিচকক। তাঁদের ছবি দেখানো হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বরে, মাসে দুই দিন করে। আগামী ৫ ও ৬ ডিসেম্বরও থাকবে এই আয়োজন।
ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট-এর অনুষ্ঠান সমন্বয়ক তানজিলা আক্তার এমন একটি আয়োজনের উদ্দেশ্য পরিষ্কার করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয় করিয়ে দিতেই এ প্রদর্শনী।
এর আগে এপ্রিল থেকে জুন পর্যন্ত দেখানো হয়েছিল থাই নির্মাতা আপিচাতপং উইরাসেথাকুল ও ইতালির নির্মাতা রবার্তো রসেলিনির ছবি। জুলাই থেকে সেপ্টেম্বরে প্রদর্শিত হয় ইতালির নির্মাতা মাইকেলেঞ্জেলো আন্তোনিওনি ও যুক্তরাষ্ট্রের টেরেন্স মালিকের ছবি।
গতকাল প্রদর্শিত হয়েছে ক্রিস মার্কারের লা জেতি (সেই জেটি) এবং অ্যালা রেঁনের লে স্তাচু মৌর অসি (মূর্তিরও মৃত্যু হয়), নুই এ বইয়া (রাত ও কুয়াশা) ছবিগুলো।