'বেদনা ছাড়া শিল্পসাধনা হয় না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশে নিবেদিত স্মরণসভায় বিশ্বসাহিত্য কেন্দ্রে স্মৃতিচারণ করেন তাঁর ভাই মোহাম্মদ আসাফ উদ দৌলা l ছবি: প্রথম আলো
ফিরোজা বেগমের স্মৃতির উদ্দেশে নিবেদিত স্মরণসভায় বিশ্বসাহিত্য কেন্দ্রে স্মৃতিচারণ করেন তাঁর ভাই মোহাম্মদ আসাফ উদ দৌলা l ছবি: প্রথম আলো

‘একসঙ্গে বেশি দিন বাঁচতে নেই। তাতে কেউ আগে চলে গেলে কষ্ট পেতে হয়। পরশু বাসায় মিলাদ হয়েছে, সবাই কেঁদেছি।’ 
প্রিয় বোনকে নিয়ে কথাগুলো বলছিলেন আসাফ উদ দৌলা। উপমহাদেশের বিখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের সহোদর তিনি। ৯ সেপ্টেম্বর ছিল শিল্পীর প্রথম প্রয়াণ দিবস। গতকাল শনিবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫০১ নম্বর কক্ষে তাঁকে নিয়ে স্মরণসভার আয়োজন করে ফিরোজা বেগম ফাউন্ডেশন। 
আসাফ উদ দৌলা আক্ষেপ নিয়ে বলেন, ‘তোমরা তাঁর গান শুনো, কেঁদো আর জেনো, শিল্পীকে স্মরণে রাখতে এই দেশ কিছু করতে পারে না। অথচ শিল্পীরা অর্থ, বাড়ি-গাড়ি চায় না। একটু ভালোবাসা আর করুণা চায়।’ 
শিল্পী মুস্তাফা মনোয়ার ফিরোজাকে নিয়ে বলেন, ‘প্রতিটি শিল্পী অন্তরের ভেতরে বেদনা নিয়ে গান শুরু করেন। বেদনা ছাড়া শিল্পসাধনা হয় না। যাঁদের নান্দনিক বোধ আছে, উঁচু মাপের শিল্পীদের তাঁরা আজীবন স্মরণ করে যাবেন।’
তাঁর আরেক সহোদর এম আনিস উদ দৌলা বলেন, ‘ফিরোজা বেগমের স্মৃতি ধারণ এবং তাঁর কর্মকাণ্ডের নিদর্শনগুলো সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া উচিত।’ এই কাজে তিনি অবিলম্বে একটি কমিটি গঠন করার প্রস্তাব জানান। পরিবারের পক্ষ থেকে সেই কমিটিকে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। 
অনুষ্ঠানে বক্তব্য দেন মুস্তাফা জামান আব্বাসী, শেখ সাদী খান, নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন ফিরোজা বেগমের সহোদর মোহাম্মদ মসিহ্ উদ দৌলা, সহোদরা মরিয়ম বেগম, রাজিয়া বেগম, শামসুন্নাহার বেগম এবং ভাতিজি নজরুলসংগীতশিল্পী সুস্মিতা আনিস। 
মসিহ্ উদ দৌলা শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনটিকে ফিরোজা বেগমের নামে নামকরণের দাবি জানান। অনুষ্ঠানে ফিরোজা বেগমের জীবন ও কর্মের ওপর একটি তথ্যচিত্র দেখানো হয়।