‘বেলা অবেলা সারাবেলা’য় রামেন্দু মজুমদার
দেশ টিভির ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানে এবারের অতিথি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, উপস্থাপক হিসেবে আছেন আসাদুজ্জামান নূর।দেশের বিভিন্ন অঙ্গনের বরেণ্য, জ্যেষ্ঠ কৃতী মানুষদের বর্তমান এবং অতীত কর্মকাণ্ডের কথোপকথন নিয়ে ‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি শনিবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হয় দেশ টিভিতে। চ্যানেলটির বরাতে জানা গেছে, ‘বেলা অবেলা সারাবেলা’য় এবারের অতিথি রামেন্দু মজুমদার তাঁর যাপিত জীবনের বিভিন্ন কথা তুলে ধরবেন। এ ছাড়া থাকবে তাঁর বিগত দিনের সব কাজ, বর্তমান অবসরের ফুটেজ এবং তাঁর কাছের মানুষদের মন্তব্য।রামেন্দু মজুমদারের জন্ম ১৯৪১ সালের ৯ আগস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন তিনি। পেশা হিসেবে প্রথমে বেছে নিয়েছিলেন অধ্যাপনা। পরবর্তী সময়ে বিজ্ঞাপনশিল্পের সঙ্গে যুক্ত হন। স্বাধীন বাংলাদেশে প্রথম নাটকের পত্রিকা ‘থিয়েটার’ প্রকাশের পাশাপাশি প্রতিষ্ঠা করেন থিয়েটার নাট্যগোষ্ঠী। এ ছাড়া তিনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বাংলাদেশ কেন্দ্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন।রামেন্দু মজুমদার বর্তমানে আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি ও বিশ্বব্যাপী নির্বাহী পরিষদের সহ-সভাপতি। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে নাটক করার পাশাপাশি দীর্ঘদিন ধরে এ দুটি মাধ্যমে সংবাদপাঠক হিসেবেও খ্যাতি অর্জন করেন তিনি। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৪। প্রখ্যাত নাট্যশিল্পী ফেরদৌসী মজুমদার তাঁর স্ত্রী এবং অভিনয়শিল্পী ত্রপা মজুমদার তাঁদের সন্তান।