‘বেলা অবেলা সারাবেলা’য় শাহনাজ রহমতউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভির ‘বেলা অবেলা সারাবেলা’য় আসাদুজ্জামান নূরের মুখোমুখি হলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহ। সম্প্রতি অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। শাহনাজ রহমতউল্লাহ এ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাত্কারটিই তাঁর জীবনের শেষ টিভি সাক্ষাত্কার বলে উল্লেখ করেছেন।প্রথম আলো ডটকমকে শাহনাজ রহমতউল্লাহ বলেন, ‘কিছুদিন আগে আমি গান থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছি। আর এবার জানাচ্ছি, এখন থেকে আর কোনোদিন টিভির অনুষ্ঠানে আমি উপস্থিত হব না। দীর্ঘ ৫০ বছর তো গান করলাম। জীবনের বাকি সময়টুকু একেবারে নিজের মতো থাকার চেষ্টা করব। তাই নতুন করে গান না করা আর টিভির অনুষ্ঠান থেকে দূরে থাকার এ সিদ্ধান্ত।’শাহনাজ রহমতউল্লাহ আরও বলেন, ‘বেলা অবেলা সারাবেলা অনুষ্ঠানে আসাদুজ্জামান নূরের সঙ্গে চমত্কার একটা আড্ডা হয়েছে। বলতে পারেন, জীবনের শেষ টিভি সাক্ষাত্কারটি দিয়ে বেশ ভালো লেগেছে।’শাহনাজ রহমতউল্লাহকে নিয়ে নির্মিত ‘বেলা অবেলা সারাবেলা’র পর্বটি আগামী শনিবার রাত নয়টা ৪৫ মিনিটে প্রচারিত হবে।বাংলাদেশের নন্দিত এ কণ্ঠশিল্পীর জন্ম ১৯৫২ সালের ২ জানুয়ারি ঢাকায়। তাঁর বাবা আইনজীবী এম ফজলুল হক, মা আসিয়া হক। মায়ের হাতেই তাঁর গানের হাতেখড়ি। বিখ্যাত সুরকার ও সংগীতপরিচালক আনোয়ার পারভেজ এবং বাংলা চলচ্চিত্রের একসময়কার জনপ্রিয় অভিনেতা জাফর ইকবাল তাঁর সহোদর। সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা শাহনাজ রহমতউল্লাহ ছেলেবেলা থেকেই শিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। মাত্র ১১ বছর বয়সে, ১৯৬৩ সালে, ‘নতুন সুর’ ছবির মাধ্যমে প্লেব্যাক শুরু করেন। সেই থেকে ১৯৮৫ সাল পর্যন্ত নিয়মিত গান গেয়েছেন চলচ্চিত্রে। টেলিভিশনে প্রথম গান করেন ১৯৬৪ সালে। চলচ্চিত্রের গানের পাশাপাশি তাঁর গাওয়া দেশের গানও এ দেশে সমান জনপ্রিয়। সত্তরের দশকে বহু উর্দু গীত ও গজল গেয়েছেন। উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদি হাসানের কাছে গজল শিখেছেন তিনি। ১৯৭৩ সালে তিনি আবুল বাশার মোহাম্মদ রহমতউল্লাহর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের এক ছেলে, এক মেয়ে। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সময়ে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। এগুলোর মধ্যে আছে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার, বাচসাস পুরস্কার প্রভৃতি।