'বেশরম' রণবীর বয়কটে 'খান' ভক্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
(বাঁ দিক থেকে) শাহরুখ খান, রণবীর কাপুর ও সালমান খান
(বাঁ দিক থেকে) শাহরুখ খান, রণবীর কাপুর ও সালমান খান

‘বেশরম’ ছবিতে রণবীর কাপুর সালমান ও শাহরুখ খানকে নিয়ে ব্যঙ্গ করায় চটেছেন খান-ভক্তরা। পরিস্থিতির বর্ণনায় জিনিউজ জানিয়েছে, ক্ষুব্ধ খান-ভক্তদের অনেকেই রণবীরকে বয়কট করার কথা ভাবছেন।
শাহরুখ-সালমান খানদের পর রণবীর কাপুরই বলিউডে রাজত্ব করবেন, এমন ধারণা বলিউডের বাসিন্দাদের। সম্প্রতি রণবীর অভিনীত ‘বেশরম’ ছবির ট্রেলারে সালমান-শাহরুখকে নিয়ে বিদ্রূপ করতে দেখা গেছে রণবীরকে। এর মাধ্যমে বলিউডের পরাক্রমশালী দুই খানকে অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন খান-ভক্তরা। এ জন্য তাঁরা বিভিন্ন ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন।
‘রকস্টার’, ‘বরফি’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো পরপর বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে এর মধ্যেই বলিউডে পাকাপোক্ত আসন গেড়েছেন ‘চকোলেট বয়’ রণবীর। ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের পর বলিউডের পরবর্তী বাদশাহ হিসেবে উচ্চারিত হচ্ছে রণবীরের নাম। তিনি জনপ্রিয়তার দৌড়ে ‘দাবাং’ তারকা সালমানকে ছাপিয়ে যাবেন বলেও মনে করছেন বলিউডের বাসিন্দারা। এ অবস্থায় সালমান-শাহরুখকে বিদ্রূপ করে ছবির ট্রেলার প্রকাশ করায় প্রশ্ন দেখা দিয়েছে এ দুই তারকার ভক্তদের মনে। তবে কি সালমান-শাহরুখকে খোঁচানোর জন্যই রণবীর এ কাজ করেছেন!
‘বেশরম’ ছবির এ ট্রেলারে রণবীর অনেকটা নির্লজ্জ আচরণই করেছেন। সেখানে দেখা গেছে, একটি সরষে খেতের পাশে দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সোনম’ গানটিও গুনগুন করে গেয়েছেন রণবীর। সরষে খেতেই গানটির দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন শাহরুখ। ছবির ট্রেলারে রণবীরের এমন কীর্তি দেখে বেজায় চটেছেন শাহরুখের ভক্তরা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।

এদিকে সালমানকে খোঁচা দিয়েও মন্তব্য করেছেন রণবীর। ‘বেশরম’ ছবিতে পুলিশ চুলবুল চৌতলা চরিত্রে অভিনয় করেছেন রণবীরের বাবা ঋষি কাপুর। ছবিটির ট্রেলারে দেখা গেছে, ঋষি কাপুরকে উদ্দেশ করে রণবীর বলছেন, ‘চুলবুল নাম রাখলেই কেউ দাবাং (নির্ভীক) বনে যায় না।’

উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দাবাং’ ছবিতে নির্ভীক পুলিশ চুলবুল পাণ্ডে চরিত্রে অভিনয় করেছিলেন সালমান।

‘বেশরম’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর এর মধ্যেই ছয় হাজার মানুষ তাঁদের অপছন্দের কথা জানিয়ে দিয়েছেন ইউটিউবে। অনেকে কড়া কড়া মন্তব্যও ছেড়েছেন। তবে বিষয়টিকে একদমই পাত্তা দিচ্ছেন না ছবির পরিচালক অভিনব কশ্যপ। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কাউকে আক্রমণ করার জন্য এই ট্রেলার বানানো হয়নি।একজন অসংযত আচরণের মানুষকে ঘিরে ছবিটির কাহিনি গড়ে উঠেছে। বিষয়টি সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই এই ট্রেলার।’

অভিনব আরও বলেন, ‘সালমান ও শাহরুখ খানের কিছু ভক্ত এটাকে ব্যক্তিগত আক্রমণ ভেবে ভুল করছেন। তাঁদের কেউ কেউ অত্যন্ত রূঢ় ভাষায় মন্তব্যও ছাড়ছেন। তবে আমরা বিষয়টি নিয়ে একদমই মাথা ঘামাচ্ছি না। “দাবাং” ছবি আমিই পরিচালনা করেছিলাম। আর যথাযথ অনুমতি নিয়েই “তুঝে দেখা তো ইয়ে” গানটি ছবির ট্রেলারে ব্যবহার করা হয়েছে।’