‘বৈকুণ্ঠের খাতা’র উদ্বোধনী মঞ্চায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈকুণ্ঠ একজন লেখক। ছোট ভাই, বিধবা মেয়ে ও ভৃত্য ঈশেনকে নিয়ে তাঁর দিন কাটে। বৈকুণ্ঠের লেখার বিষয়বস্তু মূলত সংগীত এবং প্রাচ্য-পাশ্চাত্যের সংগীতশাস্ত্রের উৎপত্তি ও ইতিহাস। কিন্তু সহজ-সরল ও উদার প্রকৃতির মানুষ বৈকুণ্ঠের লেখা শোনার ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের রয়েছে নিদারুণ অবহেলা।এই নিয়ে যখন এগিয়ে চলে নাটকের ঘটনাবলি, তখন একপর্যায়ে বৈকুণ্ঠের পরিবারে আবির্ভাব ঘটে ধূর্ত ও সুযোগসন্ধানী কেদারের। সে তোষামোদ করে বৈকুণ্ঠের লেখা শোনার ভান করে। তাঁর মন জয় করার চেষ্টা করে। উদ্দেশ্য, নিজের অবিবাহিত শ্যালিকার সঙ্গে বৈকুণ্ঠের ছোট ভাই অবিনাশের বিয়ে দিয়ে ওই বাড়িতেই আত্মীয়-পরিজনবেষ্টিত হয়ে বসবাস করা। শেষ পর্যন্ত তা-ই ঘটে। ফলে বৈকুণ্ঠের পরিবারে নেমে আসে নানা বিপর্যয়।মোটা দাগে এই হচ্ছে নাটকের কাহিনি। চাটুকারিতা ও তোষামোদির মাধ্যমে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি ও আকাঙ্ক্ষা চরিতার্থ করার যে প্রবণতা মানবসমাজে অনাদিকাল থেকে বিদ্যমান, তারই সরল রসাত্মক কাহিনি বর্ণনা করেছেন রবীন্দ্রনাথ তাঁর বৈকুণ্ঠের খাতা নাটকে। বলা বাহুল্য, এ নাটকের বিষয়বস্তু এ যুগেও প্রাসঙ্গিক।বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে লোক নাট্যদল (বনানী) মঞ্চে এনেছে নাটকটি। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত এ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হলো। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মাসুদ আহমেদ। উদ্বোধন ঘোষণা করেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি আতাউর রহমান।নাটকটির নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদুর রহমান, আবদুল্লাহ আল হারুন, খায়রুল আলম, আনোয়ার কায়সার, তৌহিদুল ইসলাম, বাসুদেব হালদার, সুধাংশুনাথ প্রমুখ।