‘বোধিদ্রুম’ নৃত্যনাট্যে নেপালের চর্যানৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চর্যাপদ’ অবলম্বনে সাইমন জাকারিয়া লিখেছেন বোধিদ্রুম নৃত্যনাট্য। আর এই নৃত্যনাট্যের গুরুত্বপূর্ণ অংশ চর্যানৃত্যের প্রশিক্ষণ দেবেন নেপালের নৃত্য পরিবেশনা ইনস্টিটিউট কলাম-প’র সদস্যরা। নৃত্যনাট্যটির প্রযোজনা প্রতিষ্ঠান সাধনা জানিয়েছে, ১১ সেপ্টেম্বর আসছেন কলাম-পর সদস্যরা। নৃত্যনাট্যটি পরিচালনা করছেন ওয়ার্দা রিহাব। বোধিদ্রুম নৃত্যনাট্যটির কার্যক্রম শুরু হয় গত বছরের গোড়ার দিকে। নৃত্যনাট্যের জন্য প্রয়োজনীয় গবেষণা ও প্রশিক্ষণ নিতে গত বছর অক্টোবর মাসে নেপালের রাজধানী কাঠমান্ডুতে যান সাধনার সাধারণ সম্পাদক লুবনা মারিয়াম, সাইমন জাকারিয়া, ওয়ার্দা রিহাব ও সুরকার সাইম রানা। সেখানে তাঁরা চর্যানৃত্য পর্যবেক্ষণ ছাড়াও চর্যাগীতির বিভিন্ন ধরনের পরিবেশনা রীতির সন্ধান করেন। ওই সময় নেপালের চর্যানৃত্যের শিল্পী ও প্রশিক্ষক রাজেন্দ্র শ্রেষ্ঠর কাছ থেকে চর্যানৃত্যের প্রশিক্ষণ নেন ওয়ার্দা রিহাব। এবার বোধিদ্রুম নৃত্যনাট্যে অংশগ্রহণকারী বাংলাদেশের নৃত্যশিল্পীদের জন্য চর্যানৃত্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সাধনা।সাইমন জাকারিয়া জানান, বোধিদ্রুম নৃত্যনাট্যটি রচনা করা হয়েছে প্রায় এক থেকে দেড় হাজার বছরের পুরোনো চর্যাগীতিকে অবলম্বন করে। বিষয়বস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছে হাজার বছর আগের বৌদ্ধ ধর্মাবলম্বী বাংলার সাধারণ মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে। বোধিদ্রুম নৃত্যনাট্যের আখ্যান, সুর ও সংগীত এবং নৃত্য প্রয়োগে হাজার বছর আগের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনর্নির্মাণের চেষ্টা করা হচ্ছে। সাইম রানার সংগীত ও সুর সংযোজনে নৃত্যনাট্যটির সংগীত পরিচালনার জন্য বাংলাদেশে আসছেন ভারতের পশ্চিমবঙ্গের সংগীতপরিচালক সুমন সরকার।সাধনা একই সময়ে বাংলা একাডেমীর সঙ্গে যৌথ উদ্যোগে চর্যাগীতিবিষয়ক সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করেছে। ১৯ সেপ্টেম্বর হবে অনুষ্ঠানটি। চর্যানৃত্যের কর্মশালা পরিচালনার জন্য নেপাল থেকে আসছেন নৃত্য পরিচালক রাজেন্দ্র শ্রেষ্ঠা, বৌদ্ধ তাত্ত্বিক সর্বজ্ঞ রত্ন বজ্রাচার্য, নৃত্যশিল্পী মীনা বজ্রাচার্য গামাল, দৃষ্টি শ্রেষ্ঠা, মাছারাজা মাহারজান, সংগীতশিল্পী রূপকামাল ছত্রি ও দীনেশ কামাল ছত্রি।