‘বোধিদ্রুম’ নৃত্যনাট্যের জন্য চর্যানৃত্যের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মহড়া কক্ষে গত শুক্রবার শুরু হলো চর্যানৃত্যের কর্মশালা। বোধিদ্রুম নৃত্যনাট্যের জন্য এ কর্মশালার আয়োজন করেছে উপমহাদেশীয় সংগীত প্রসার কেন্দ্র সাধনা। আট দিনের এ কর্মশালার মুখ্য প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ইনস্টিটিউট অব নেপালি পারফর্মিং আর্টস—কলামণ্ডপের পরিচালক ও চর্যানৃত্যগুরু রাজেন্দ্র শ্রেষ্ঠ। তাঁর সঙ্গে আছেন তান্ত্রিক চর্যানৃত্যশিল্পী মীনা বজ্রাচার্য ও রূপ কমল ছত্রি। কর্মশালায় অংশ নিচ্ছেন বাংলাদেশের ২০ জন নৃত্যশিল্পী। তাঁরা হাজার বছর আগে প্রচলিত চর্যাপদ ও তার পরিবেশন-রীতির নেপালের সাম্প্রতিক ধারার ওপর প্রশিক্ষণ নিচ্ছেন। এই শিল্পীরা বোধিদ্রুম নৃত্যনাট্যে অংশ নেবেন। নাটকটি লিখেছেন সাইমন জাকারিয়া এবং নির্দেশনা দিচ্ছেন ওয়ার্দা রিহাব।শুক্রবার প্রশিক্ষণ দেখতে এসেছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের বিশ্বকেন্দ্রের সভাপতি রামেন্দু মজুমদার এবং শিল্পকলা একাডেমীর নৃত্যকলা ও সংগীত বিভাগের পরিচালক মাহমুদ সেলিম। প্রশিক্ষণ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাধনার সাধারণ সম্পাদক লুবনা মারিয়াম বলেন, ‘বাংলাদেশে হাজার বছর আগে প্রচলিত ও নেপালে রক্ষা পাওয়া চর্যানৃত্যধারাকে আবার ফিরিয়ে আনার জন্য এ প্রশিক্ষণের আয়োজন করেছি। এই কাজটির জন্য শুরুতেই চর্যাপদ অবলম্বনে বোধিদ্রুম নৃত্যনাট্য নির্বাচন করেছি।’