'ব্যর্লিনালে' ২০১৭-কিছু ছবি, কিছু কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন বডি অ্যান্ড সোল ছবির দৃশ্য
অন বডি অ্যান্ড সোল ছবির দৃশ্য

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যাকে জার্মানরা আদর করে ‘ব্যর্লিনালে’ বলে ডাকে, ২৫ বছর ধরেই চোখের সামনে বেড়ে উঠতে দেখছি। ৬৭ বছরে পা দিয়ে যেন উৎসবটা বার্ধক্যে আক্রান্ত হয়েছে। তার আচরণ অনেকটা সেই বুড়ো মানুষের মতো, যে হঠাৎ মনের সজীবতা হারিয়ে শারীরিক দুর্বলতাকে বড় করে দেখতে থাকে আর সেটা ঢাকার জন্য উঠেপড়ে লাগে। কয়েক বছর ধরেই লক্ষ করছি আয়োজকেরা তাঁদের আচার-প্রচারে নিজেদের ‘রাজনৈতিক’ উৎসব হিসেবে জাহির করতে চাইছেন। কিন্তু সারা ইউরোপের রাজনীতি যখন শরণার্থী, ব্রেক্সিট আর ট্রাম্প নিয়ে তটস্থ, যখন একের পর এক জাতীয়তাবাদী, রক্ষণশীল শক্তি ইউরোপ-আমেরিকায় মাথাচাড়া দিয়ে উঠছে, নিজেদের চারপাশে দেয়াল তুলে বৈশ্বিক সমস্যাগুলো থেকে নিজেদের গা বাঁচানোর চেষ্টা করছে, তখন ‘ব্যর্লিনালে’র মতো একটি আন্তর্জাতিক উৎসবের ভূমিকা কী হতে পারে যাকে কিনা ‘কান চলচ্চিত্র উৎসব’-এর পরেই স্থান দেওয়া হয়?

আনা মাই লাভ ছবির দৃশ্য
আনা মাই লাভ ছবির দৃশ্য

প্রত্যাশা অনেক থাকলেও পূরণ করার সামর্থ্য এই উৎসবের খুব বেশি এ বছর ছিল না। অন্তত আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের ১৮টি ছবির মধ্যে এর রাজনৈতিক চরিত্রের কোনো প্রতিফলন পাওয়া যায়নি। কখনো কি ছিল? হ্যাঁ ছিল, তবে সে অনেক দিন আগের কথা। ১৯৬৯-এর ভিয়েতনাম যুদ্ধের ওপর নির্মিত একটা ছবিকে নিয়ে এত বিতর্ক আর প্রতিবাদের ঝড় উঠেছিল যে উৎসবটাকেই মাঝপথে বন্ধ করে দিতে আয়োজকেরা বাধ্য হন। সেই সময়কার উত্তাল হাওয়ার কিছুটা আভাস পাওয়া যায় এবারের প্রতিযোগিতা বিভাগের ছবি বয়েজ-এ। শুধু ষাটের দশকের সাংবাদিকদের তোলা অপ্রকাশিত অডিও এবং ভিডিও ফুটেজ, স্থিরচিত্র, টিভি-প্রতিবেদন আর বর্তমানে ধারণ করা কিছু সাক্ষাৎকারকে পুঁজি করে জার্মান পরিচালক আন্দ্রেস ফাইয়েল জীবন্ত করে তোলেন কিংবদন্তি শিল্পী জোসেফ বয়েজকে।
দ্য আদার সাইড অব হোপ ছবিতে ফিনল্যান্ডের নির্মাতা আকি কারুসম্যাকি চেষ্টা করলেন শরণার্থী সমস্যার সামাজিক ইউটোপিয়াকে একটি উষ্ণ এবং মানবিক গল্পে নিজের মতো করে বলার। ইউরোপের বর্তমান হিমশীতল সামাজিক আবহে এ ছবি হয়তো সাময়িক আরাম দিতে পারবে, কিন্তু কাউকে আলোড়িত করতে পারবে না। তদুপরি এটা মূলত কারুসম্যাকির ২০১১ সালে তৈরি করা লো আরব ছবিরই নতুন সংস্করণ।

বয়েজ লড়েছে প্রতিযোগিতা বিভাগে
বয়েজ লড়েছে প্রতিযোগিতা বিভাগে

তারপরও এর জন্য তাঁকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘সিলভার বিয়ার’ দিতে বিচারকেরা কার্পণ্য করেননি।
এবারের প্রতিযোগিতায় সেই ছবিগুলোই সবচেয়ে শক্তিশালী ছিল, যারা ‘রাজনৈতিক’ হওয়ার কোনো ভান করতে চায়নি। যাদের মূল বিষয় ছিল মানুষের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন আর তার বিচিত্র মায়াজাল। হাঙ্গেরির অন বডি অ্যান্ড সোল ঠিক এ রকম একটি ছবি। পরিচালক ইল্ডইকো এনএইডি একটি কসাইখানায় কর্মরত দুই নারী-পুরুষের প্রেমের গল্পে তুলে এনেছেন নগর যন্ত্রণায় বন্দী আর আত্মবিচ্ছিন্নতায় আক্রান্ত অসহায় মানুষের নীরব কান্না, মৃত পশুর রক্ত-মাংস যেখানে ব্যাধিগ্রস্ত সমাজের রূপক, স্ববিরোধী নারী চরিত্র যেখানে বেদনা আর প্রতিবাদের স্ফুলিঙ্গ। শ্রেষ্ঠ ছবি হিসেবে ‘গোল্ডেন বিয়ার’ পুরস্কার ছিল এ ছবির ন্যায্য প্রাপ্তি। একই পুরস্কারে ভূষিত হতে পারত স্পেনের ছবি এ ফ্যান্টাস্টিক উইমেন যাতে ট্রান্সজেন্ডার মারিনা তার প্রেমিকের মৃত্যুর পর সামাজিক স্বীকৃতির জন্য যুদ্ধ করে। উৎসবে পুরস্কৃত হলেন কোরিয়ান আরেক অভিনেত্রী কিম মিনহি (অন দ্য বিচ অ্যাট নাইট এলোন), যিনি দুর্দান্ত অভিনয় করেও নড়বড়ে কাঠামোতে ভর করা ছবিটাকে শেষ পর্যন্ত একঘেয়েমি থেকে বাঁচাতে পারেননি।

আই অ্যাম নট ইওর নিগ্রো ছবির দৃশ্য
আই অ্যাম নট ইওর নিগ্রো ছবির দৃশ্য

রুমানিয়ার ছবি আনা মাই লাভ (শ্রেষ্ঠ সম্পাদনা) প্রেক্ষাগৃহের ভেতরে ঘটনার নাটকীয়তায় টানা উত্তেজনা আর ভালোবাসার আবেশে আপ্লুত করে রাখে, প্রেক্ষাগৃহের বাইরে গেলেও সে ঘোর কাটে না। এই ছবির দৃশ্যগুলোর আয়োজন দর্শককে ধাঁধায় ফেলে। সম্পাদনার বিশেষ মুনশিয়ানায়, সময়ের পরম্পরা উপেক্ষা করে তৈরি করা হয় এক চমকপ্রদ ‘ন্যারেটিভ’ যেটা সনাতনী গল্প বলার ধরনকে সম্পূর্ণ এড়িয়ে যায়।
‘আন্তর্জাতিক প্রতিযোগিতা’ বিভাগের বাইরে ‘আন্তর্জাতিক ফোরাম’, ‘প্যানোরামা’, ‘জার্মান পারসপেক্টিভ’, ‘জেনারেশন’সহ মোট ১১টি বিভাগে সব মিলিয়ে আরও ৩৮১টি ছবি এবার দেখানো হয়েছে। আর তাতে অন্তত কিছু ছবি পাওয়া যায় যাতে মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা আর ইউরোপের রাজনৈতিক টানাপোড়েন উঠে এসেছে।
‘প্যানোরামা’ বিভাগে প্রদর্শিত রাউল পেকের আই অ্যাম নট ইওর নিগ্রো ইতিমধ্যে আমেরিকায় মুক্তি পেয়েছে। রাউলকে আমি চিনি ষোলো বছর ধরে। হাইতিতে জন্ম কিন্তু পড়াশোনা করেছেন বার্লিনে। চার বছর আগে যখন আমাদের দুজনকে ‘ওয়ান ওয়ার্ল্ড’ পুরস্কার নিতে কোলোন যেতে হয়েছিল, তিনি আমাকে ট্রেনে বসে এই প্রজেক্টের কথা শুনিয়েছিলেন।
উৎসবের প্রোগ্রাম বের হলে সব সময়ই হন্যে হয়ে খুঁজি বাংলাদেশ থেকে কোনো ছবি এল কি না। কত অজানা সব দেশের নাম খুঁজে পাই কিন্তু বাংলাদেশকে আজ পর্যন্ত পেলাম না। প্রতিবছর প্রায় ৪০০ ছবি দেখানো হয় এই উৎসবে। গত ২৫ বছরে কী বাংলাদেশের একটা ছবিও কোথাও স্থান পেল না? প্রশ্নটা আমি একবার আয়োজকদের করেছিলাম। উত্তর, ‘আমাদের রিজিওনাল এক্সপার্টরা বিভিন্ন দেশ থেকে প্রতিবছর ছবি সংগ্রহ করেন, তাঁরা এ পর্যন্ত আমাদের প্রোগ্রামের উপযুক্ত কোনো ছবি খুঁজে পাননি।’ আমার খুব জানতে ইচ্ছে করে কারা এই ‘এক্সপার্ট’? তবে বাংলাদেশের ছবি বার্লিনে দেখাল কি না দেখাল, এতে বাংলাদেশের চলচ্চিত্রের কিছু যায়-আসে না। ঢাকার তরুণেরা একের পর এক ছবি করছেন আর সে ছবি দেশের দর্শকেরাও দেখছেন, বঞ্চিত হচ্ছেন শুধু ইউরোপের দর্শকেরা, যাদের ৫০ ভাগের পায়ের মোজা, দেহের অন্তর্বাস থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত বাংলাদেশের মেয়েদের হাতে বানানো। এই অচেনা শ্রমিকদের দেশটা কেমন, সেখানে মানুষগুলো কীভাবে জীবনযাপন করে—এটা জানতে পারলে ইউরোপিয়ানদের নিজেদের অনেক উপকার হতো।

লেখক: জার্মান প্রবাসী চলচ্চিত্রকার