'ব্রিগস'-এ বিস্ময়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশপ ব্রিগস
বিশপ ব্রিগস

বয়স মাত্র ২৪, এর মধ্যেই তিনি দুটি ইপি (এক্সটেনডেড প্লে) বের করেছেন, কোল্ডপ্লের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চ কাঁপিয়েছেন, কোচেলা আর আর্ট ফেস্টিভ্যালের মতো প্ল্যাটফর্মে দর্শক মাতিয়েছেন, বেশ অনেকগুলো গান দিয়ে শ্রোতাদের মন কেড়েছেন! নিশ্চয়ই এতক্ষণে মস্তিষ্ক আপনার অন্য সময়ের চেয়ে একটু দ্রুতগতিতেই চলতে শুরু করেছে। নিশ্চয়ই ভাবছেন কে এই শিল্পী? কার ঝুলিতে জমা পড়েছে এত এত সাফল্য?
আর অপেক্ষায় রাখব না, এই কীর্তিময়ী ব্রিটিশ তরুণী হচ্ছেন গায়িকা বিশপ ব্রিগস! নামটা কি একটু খটমট শোনাচ্ছে? শোনাতেই পারে, নামটা যে ধার করা বাবা-মার জন্মস্থানের নাম থেকে। আদি নিবাস স্কটল্যান্ডের বিশপ ব্রিগসের শিকড় যাতে কখনো ভুলে না যান, সে জন্যই এই নাম দিয়ে মঞ্চ দাপিয়ে বেড়ান কৃষ্ণকেশী এই শিল্পী। এই মাসের শুরুর দিকে বের হয়েছে তাঁর দ্বিতীয় ইপি ‘বিশপ ব্রিগস’।
বিশপ ব্রিগসের আসল নাম সারাহ গ্রেস ম্যাকলফলিন। বাবা-মা দুজনই স্কটল্যান্ডের বাসিন্দা হলেও তিনি জন্মেছেন লন্ডনে, বড় হয়েছেন টোকিওতে আর কৈশোর কাটিয়েছেন হংকংয়ে। তবে গানের নেশা তাঁর মনে পাকাপাকি জায়গা করে নিয়েছিল সেদিন, যেদিন চার বছরের ছোট মেয়েটি টোকিওর একটি কারাওকে বারে নিজের ছোট্ট হাতে প্রথম মাইক তুলে নিয়েছিল। এরপর যে গানের পোকা মাথায় ঢুকল, সেটা নামার আর কোনো নাম এখনো নেই! তাঁর নিজের ভাষায়, ‘গান গাইতে গেলে আমার নিজেকে চেনা লাগে, কারণ গানই একমাত্র বিষয়, যেটি নিয়ে আমার সবচেয়ে বেশি আবেগ কাজ করে। জীবনভর আমাকে সঙ্গ দিয়েছে এটি।’
ব্রিগস মূলত অলটারনেটিভ ও পপ ঘরানার গান করে থাকেন। তাঁর প্রথম গান ছিল ‘ওয়াইল্ড হর্সেস’। সেটি দিয়েই তিনি সংগীত দুনিয়ার নজর নিজের দিকে ঘুরিয়েছিলেন। তবে তাঁর সেরা হিট দ্বিতীয় গান ‘রিভার’, এই পর্যন্ত গানটি স্ট্রিম হয়েছে ৫ কোটিরও বেশিবার। গত বছর ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লের ট্যুরে তিনি তাঁদের সঙ্গে ছিলেন। এটি ছিল ব্রিগসের কাছে স্বপ্নের মতো অভিজ্ঞতা। ছোটবেলার প্রিয় ব্যান্ডের সঙ্গে প্রথমবার পারফর্ম করার অভিজ্ঞতা তো এমনই হবে, তাই না?
সংগীতের তাল-লয় আর সুরের মন ভোলানো নেশাটা তাঁর কাছে এমনই। সে জন্য বড় হয়ে পড়াশোনাও করেছেন সংগীত নিয়ে। গান লেখা শুরু করেছিলেন মাত্র সাত বছর বয়সে, এখনো ধরে রেখেছেন সেই চর্চা। যেদিন গান করেন না, সেদিনটা তাঁর কাছে নাকি দিনই মনে হয় না, এমনটাই ব্রিগস বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে। ভবিষ্যতের বড় তারকা হওয়ার ছাপ এরই মধ্যে ফুটে উঠেছে তাঁর ভেতর। দেখা যাক, আর কত বিস্ময় আমাদের উপহার দিতে পারেন বিশপ ব্রিগস!

নাজিয়া শারমিন
এন্টারটেইনমেন্ট উইকলি, বিলবোর্ড, এসএফ গেট অবলম্বনে