'বড় অশান্তি নিয়ে অকালেই চলে গিয়েছিলেন পঞ্চম দা'

উপমহাদেশের প্রখ্যাত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের (আর ডি বর্মণ) ৭৫তম জন্মবার্ষিকী আজ। বিশেষ দিনটিতে তাঁকে স্মরণ করে প্রখ্যাত সংগীতশিল্পী লতা মঙ্গেশকর বলেছেন, ‘বড় অশান্তি নিয়ে অকালেই চলে গিয়েছিলেন পঞ্চম দা (আর ডি বর্মণের ডাক নাম পঞ্চম)।’
জীবনের শেষ দিনগুলোতে আর ডি বর্মণের হাতে তেমন কোনো কাজ ছিল না বলেও জানিয়েছেন লতা। এ প্রসঙ্গে লতা বলেন, ‘পঞ্চমের মতো প্রতিভাবান একজন সংগীত পরিচালক জীবনের শেষ দিনগুলোতে প্রায় কাজশূন্য হয়ে পড়েছিলেন। বিষয়টি নিয়ে প্রচণ্ড অসুখী ছিলেন তিনি। মাঝে মাঝে তিনি তাঁর দুঃখের কথা আমার সঙ্গে ভাগাভাগি করতেন। পঞ্চমের কয়েকটি গান সাফল্যের মুখ না দেখায় সে সময় চলচ্চিত্র ও সংগীতশিল্প তাঁর প্রতি যে নিষ্ঠুরতা দেখিয়েছিল, তা মনে পড়লে আজও প্রচণ্ড দুঃখ অনুভব করি আমি।’ এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
উপমহাদেশের প্রখ্যাত গায়ক ও সংগীত পরিচালক শচীন দেব বর্মণের একমাত্র ছেলে রাহুল দেব বর্মণ। ১৯৩৯ সালের ২৭ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন রাহুল। ১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘ছোটে নবাব’ ছবির মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তী সময়ে ‘আজা আজা’, ‘এ চতুর নার’, ‘চুরা লিয়া’, ‘দম মারো দম, ‘বাঁচনা অ্যায় হাসিনো’, ‘ও হাসিনা জুলফোওয়ালি’, ‘ইয়ে দোস্তি’, ‘বাহু মে চলি আ’, ‘ভিগি ভিগি রাতো মে’, ‘নেহি নেহি’, ‘তুঝছে নারাজ’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দেন গুণী এ সংগীত ব্যক্তিত্ব। ১৯৯৪ সালের ৪ জানুয়ারি মাত্র ৫৪ বছর বয়সে মারা যান রাহুল দেব বর্মণ।
রাহুল দেব বর্মণের মৃত্যুর তিন মাস পর মুক্তি পায় অনীল কাপুর ও মনীষা কৈরালা অভিনীত বলিউডের ছবি ‘১৯৪২: এ লাভ স্টোরি’। এটিই ছিল আর ডি বর্মণের সংগীত পরিচালনায় শেষ ছবি। ছবির ‘কুচ না কাহো’ গানে কণ্ঠ দিয়েছিলেন লতা।

‘কুচ না কাহো’ গানটিতে কণ্ঠ দেওয়ার স্মৃতিচারণা করে লতা বলেন, ‘পঞ্চমের সঙ্গে ‘‘১৯৪২: এ লাভ স্টোরি’’ ছবির গান রেকর্ডিং করার কথা থাকলেও দুবার তা স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত ছবির ‘‘কুচ না কাহো’’ গানটিতে আমি কণ্ঠ দিই। কিন্তু তার আগেই পৃথিবী ছেড়ে চলে যান পঞ্চম। তাঁর মৃত্যুর পর আমি বুকে পাথর চেপে গানটিতে কণ্ঠ দিই। গানটি ছবিতে খুবই চমত্কারভাবে উপস্থাপন করা হয়। কিন্তু তা দেখার সুযোগ পঞ্চমের হয়নি। বেঁচে থাকলে অবশ্যই তিনি অনেক খুশি হতেন।’