
মিমো। ‘সুপার হিরোইন ২০০৯’-এর চ্যাম্পিয়ন। অভিনয় করেছেন নাটক ও চলচ্চিত্রে। এসএ টিভিতে শুরু হচ্ছে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক ঘূর্ণিপাক। লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন জিয়া রায়হান।
সুপার হিরোইন মিমো...
চলচ্চিত্রের শিল্পীসংকট দূর করার জন্য ২০০৯ সালে ‘সুপার হিরো-সুপার হিরোইন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজ্ঞাপনটি চোখে পড়ার পর বড় পর্দায় অভিনয়ের স্বপ্ন দেখতে শুরু করি। এরপর প্রতিযোগিতায় নাম নিবন্ধন করি। প্রত্যাশা ছিল ভালো কিছু করার। এখনো সেই চেষ্টাই করছি।
নায়িকা হতে এসে...
২০০৯ সালে ‘সুপার হিরো-সুপার হিরোইন’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর এ পর্যন্ত তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছি। ছবিতে কাজ করতে গিয়ে মনে হয়েছে, আমার অনেক কিছু শেখার আছে। এরপর টেলিভিশনের কাজের দিকে নজর দিই। ছোট পর্দার কাজ করার পাশাপাশি বড় পর্দার জন্য তৈরি হচ্ছি।
নায়িকা হতে চেয়েছি, কারণ...
আমি তখন স্কুলে পড়ি। কেয়ামত থেকে কেয়ামত ছবিতে মৌসুমী আপুর অভিনয় ভীষণ ভালো লেগেছিল। তাঁকে দেখেই চলচ্চিত্রের নায়িকা হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি।
এখনকার ব্যস্ততা...
বিজয় দিবস আর ভালোবাসা দিবসের কয়েকটি নাটকে অভিনয় করব। এবার কোরবানির ঈদে আমার কয়েকটি ভালো নাটক প্রচারিত হয়েছে। ।
‘ঘূর্ণিপাক’ নাটকে আমি...
ঘূর্ণিপাক নাটকের গল্পে দেখা যায়, কেউ কেউ বিয়ে করার পরও বিয়ের খবরটি গোপন রাখে, অন্য মেয়ের সঙ্গে চুটিয়ে প্রেম করে। একসময় সত্যটি সামনে চলে আসে। তখন পারিবারিক জটিলতা তৈরি হয়।