‘ভঙ্গবঙ্গ’ নিয়ে ফয়েজ জহির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পূর্বে বাংলাদেশ, পশ্চিমে ভারত, পূর্বে বেনাপোল, পশ্চিমে হরিদাশপুর আর মাঝখানে আমি হরিদাস পাল।’ সংলাপগুলো বেশ উচ্চ স্বরে শোনা যাচ্ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ৩ নম্বর মহড়াকক্ষের বাইরে থেকে। একটু থমকে গিয়ে তারপর মহড়াকক্ষের ভেতরে ঢুকলাম। বসে আছেন ফয়েজ জহির। মহড়া চলছিল আরণ্যক নাট্যদলের নতুন নাটক ভঙ্গবঙ্গ। নাটকটি লিখেছেন মামুনুর রশীদ এবং নির্দেশনা দিয়েছেন ফয়েজ জহির। কথা বললাম ফয়েজ জহিরের সঙ্গে:নাটকটির নাম ‘ভঙ্গবঙ্গ’ কেন?পাণ্ডুলিপি রচনা করার পর নাটকটির নাম দেওয়া হয়েছিল বঙ্গভঙ্গ। তারপর মহড়ার কাজও শুরু হয়। একই সঙ্গে চলছিল সংশোধন ও সংযোজনের কাজ। রবীন্দ্রনাথের বেশ কয়েকটি নাটক নিয়ে পাঠচক্র এবং আলোচনাও হয়েছে। কারণ, রবীন্দ্রনাথের নাটকের অনেক চরিত্রের নাম এই নাটকে রয়েছে। রবীন্দ্রনাথের সর্বশেষ প্রবন্ধ ‘সভ্যতার সংকট’-এ বঙ্গের বিভাজন, বিশ্বব্যাপী পরিবর্তন ও মানবিক সংকটের কথা তিনি লিখে গেছেন! একই ভাষা, শুধু ভৌগোলিক বিভাজন তিনি মানতে পারেননি, যা তাঁর প্রবন্ধে পরিচ্ছন্নভাবে বোঝানো ছিল। এসব মিলিয়ে বিভাজিত বঙ্গের নানা চিত্র নিয়ে নাটকের নাম ভঙ্গবঙ্গ দেওয়া হয়েছে।আরণ্যক সব সময় শ্রেণী-সংগ্রাম নিয়ে নাটক করে আসছে।এবার ‘ভঙ্গবঙ্গ’, এখানে মূল বক্তব্য কী? শ্রেণী-সংগ্রাম বিষয়টা নিয়ে আসলে একপেষে একটা ধারণা জন্ম নিয়েছে ইতিমধ্যে। শ্রেণী-সংগ্রাম সর্বক্ষেত্রে বিরাজমান। রাজনীতিতে সরাসরি যা বলা যায় না, নাটকে তা শৈল্পিকভাবে বলা যায়। ভঙ্গবঙ্গ নাটকে সীমান্ত অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবনের যে চিত্র উঠে এসেছে, তা সমগ্র দেশে বিরাজমান। নাটকের পরিকল্পনার ওপর নির্ভর করছে সেই বিষয়কে দর্শকের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা।১৯০৫ সালে বঙ্গভঙ্গ হয়েছিল। কিন্তু এই নাটকের নাম ‘ভঙ্গবঙ্গ’—এই দুইয়ের মধ্যে কি ঐতিহাসিক কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে?বঙ্গভঙ্গের ইতিহাস তো অনেক বড়। যেহেতু নাটকের নাম ভঙ্গবঙ্গ, অর্থাৎ বিভাজিত বঙ্গ, সেহেতু ইতিহাসকে খুব বেশি পাওয়া যাবে না হয়তো; কিন্তু ইতিহাসের ছায়াটা পাওয়া যাবে। বিভাজিত বঙ্গের সত্য, ঐতিহাসিক সত্য—এই দুইয়ের মধ্যে একটি মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে। বঙ্গভঙ্গকে ঘিরে কতিপয় রাজনৈতিক ব্যক্তির ক্ষমতায়নের যে লড়াই, তা নাটকে উঠে এসেছে।মহড়া চলছে, আমরা কথা বলছি—হঠাৎ বিশু চরিত্রের একজন কুশীলব বলে উঠল, ‘এই মালিনী, কী হলো রে?’ উত্তরে মালিনী চরিত্রের কুশীলব বলল, ‘কী হলো মানে? আমাকে না সর্বস্বান্ত করে দিয়ে গেল।’ বিশু ও মালিনী দুটিই রবীন্দ্রনাথের রক্তকরবী ও মালিনী নাটকের চরিত্র। ভঙ্গবঙ্গ নাটকে এই চরিত্রগুলোর উপস্থিতি—এর পেছনের গল্প কী?রবীন্দ্রনাথের এই চরিত্রগুলো বর্তমানে কী অবস্থায় বিচরণ করছে বা নাট্যকার কেন এই চরিত্রগুলোর কথা বলেছেন, তার মর্মার্থ আবিষ্কার করার চেষ্টা চলছে। চরিত্রগুলো নিয়ে রবীন্দ্রনাথ এবং এই নাটকের নাট্যকার—এই দুইয়ের মধ্যে ভাবনাগত যে ফারাক, তার সম্পর্কটা আমরা খোঁজার চেষ্টা করছি নাটকটির মধ্য দিয়ে। আমরা নাটকের বক্তব্য উন্মোচন করে সত্য উপস্থাপন করতে চাই।বাংলাদেশের সমসাময়িক নাট্যচর্চার সংকট ও সম্ভাবনা নিয়ে বলুন।সংকটের কথা বললে তো অনেক কথাই চলে আসে, যা বলে শেষ করা যাবে না। তবে বর্তমান সময়ের নাট্যচর্চার সবচেয়ে বড় সংকট হচ্ছে নাটক নির্মাণ করার ক্ষেত্রে মৌলিক পাণ্ডুলিপির অভাব। তারপর নাট্যনির্দেশনার ক্ষেত্রে পরিকল্পনাটি অনেক ক্ষেত্রে মুখ্য হয়ে দাঁড়ায়। অভিনয়ের ভাবনাটা হয়ে যায় গৌণ, যার কারণে অসৃজনশীল ও ভাবনাহীন অভিনেতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতীয় নাট্যশালার ক্ষেত্রেও একটা সংকট লক্ষ করা যায়। যেকোনো নাটক এই মঞ্চে মঞ্চস্থ হয়, যার শিল্পমান দর্শককে হতাশ করে। এ ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি দেওয়া উচিত। কেননা, জাতীয় নাট্যশালা আমাদের নাটকের জাতীয়ভাবে প্রতিনিধিত্ব করে।আপনি মঞ্চে নির্দেশনা ছাড়াও আলো ও সেট পরিকল্পনার কাজটিও করেন। এ ক্ষেত্রে কোন কাজটি করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করেন? আপনার কাজগুলো সম্পর্কে জানতে চাই। মঞ্চে আমি আলো, সেট ও নির্দেশনা—তিনটি কাজকেই সমান গুরুত্ব দিয়ে করে থাকি। কারণ, আলোর একটা ভাষা আছে, সেটের একটা ভাষা আছে, তারপর অভিনয়—সব মিলিয়ে এই থিয়েটার। তবে নির্দেশনার ক্ষেত্রে আগ্রহটা একটু বেশি কাজ করে। নির্দেশনায় আমার কাজ বলতে এই মুহূর্তে যা মনে পড়ে ঊর্ণজাল, কৈবর্তগাথা, চের সাইকেল, ডিসটেন্ট নিয়ার, মানুষ, তির্থঙ্কর, বহে প্রান্তজন, হক্কানির গ্রন্থনা ইত্যাদি। আলোক পরিকল্পনা করেছি রাঢ়াঙ, রথের রশি, রক্তকরবী, তীর্থঙ্কর, শ্যামা প্রেম, আমিনা সুন্দরী ইত্যাদি নাটকের। সেট পরিকল্পনার কাজ করেছি একশত বস্তা চাল, রক্তকরবী, রথের রশি, ত্রয়লাস ও ক্রেসিদা, কোপেনিকার ক্যাপ্টেন এবং প্রাঙ্গণে মোরের নতুন নাটক আওরঙ্গজেব-এর।