'ভদ্দরনোক'-এর তিন শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নাটক ভদ্দরনোক–এর একটি মুহূর্ত l আশরাফুল আলম
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ নাটক ভদ্দরনোক–এর একটি মুহূর্ত l আশরাফুল আলম

আজকাল আমাদের মুখ থেকে হাসি যেন প্রায় মিলিয়ে যেতে শুরু করেছে। অথচ বিজ্ঞান বলে, হাসলে কিংবা হাসালে জীবনের সজীবতা ফিরে আসে। আমাদের নীরস জীবনে সে রকম হাস্যরসের সংযোজন করেছে নাট্যচক্রের নাটক ভদ্দরনোক। গতকাল বুধবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় জনপ্রিয় এ নাটকটির ৩০০তম প্রদর্শনী হয়।
মলিয়েরের দ্য বুর্জোয়া জেন্টলম্যান অবলম্বনে তৈরি হয়েছে ভদ্দরনোক। নাটকটিতে দেখানো হয়েছে, সমাজে হঠাৎ করে গজিয়ে ওঠা বিত্তবানেরা আকস্মিক অর্থপ্রাপ্তিতে বেসামাল হয়ে নিজেদের কুলীন প্রমাণের জন্য নগরজীবনের ফাঁপা সংস্কৃতির গড্ডলিকাপ্রবাহে কীভাবে গা ভাসিয়ে দেয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।
গতকাল নাটকটির প্রদর্শনীর আগে শুভেচ্ছা জানাতে আসেন শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ সেন্টারের সভাপতি নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
নাটকের কাহিনি এ রকম—হঠাৎ করে অনেক টাকার মালিক হন ফজর আলী। কিন্তু তাঁর কোনো বংশগৌরব বা পারিবারিক আভিজাত্য না থাকায় মনে মনে তিনি বড়ই অস্থির। সম্ভ্রান্ত হওয়ার বাসনা জাগে ফজর আলীর। ধনসম্পদের বিনিময়ে তিনি সমাজে অভিজাত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। পরিবারের অন্য সদস্যদের ইচ্ছা-অনিচ্ছাকে তোয়াক্কা করেন না তিনি। একসময় নিজের অতীতকে অস্বীকার করে বসেন। তাঁর কুলীন হয়ে ওঠার পুরো প্রচেষ্টাই হয়ে ওঠে হাস্যকর।