‘ভদ্দরনোক’-এর হাসির কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবতার কঠোরতায় আজকাল আমাদের মুখ থেকে যেন হাসি প্রায় মিলিয়ে যেতে শুরু করেছে। অথচ হাসলে কিংবা হাসালে জীবনের সজীবতা ফিরে আসে। আমাদের নিরস জীবনে সে রকম হাস্যরসের সংযোজন করেছে নাট্যচক্রের নাটক ভদ্দরনোক। গতকাল রোববার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় জনপ্রিয় এ নাটক মঞ্চস্থ হয়। মলিয়েরের দ্য বুর্জোয়া জেন্টলম্যান অবলম্বনে তৈরি হয়েছে ভদ্দরনোক। নাটকটিতে দেখানো হয়েছে, সমাজে হঠাৎ করে গজিয়ে ওঠা বিত্তবানেরা আকস্মিক অর্থপ্রাপ্তিতে বেসামাল হয়ে নিজেদের কুলীন প্রমাণের জন্য নগরজীবনের ফাঁপা সংস্কৃতির গড্ডলিকাপ্রবাহে কীভাবে গা ভাসিয়ে দেয়। নাটকটির নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার।নাটকের কাহিনি এ রকম—হঠাৎ করে অনেক টাকার মালিক হন ফজর আলী। কিন্তু তাঁর কোনো বংশগৌরব বা পারিবারিক আভিজাত্য না থাকায় মনে মনে তিনি বড়ই অস্থির। সম্ভ্রান্ত হওয়ার বাসনা জাগে ফজর আলীর। ধনসম্পদের বিনিময়ে তিনি সমাজে অভিজাত মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে চান। পরিবারের অন্য সদস্যদের ইচ্ছা-অনিচ্ছাকে তোয়াক্কা করেন না তিনি। একসময় নিজের অতীতকে অস্বীকার করে বসেন। তাঁর কুলীন হয়ে ওঠার পুরো প্রচেষ্টাই হয়ে ওঠে হাস্যকর।স্কুলশিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাখুদে আঁকিয়েদের জন্য সুখবর। চতুর্থবারের মতো শুরু হচ্ছে ‘মেরিডিয়ান-আনন্দ আলো পেইন্টিং অ্যাওয়ার্ড ২০১০’ প্রতিযোগিতা। ‘এসো আঁকি দেশের মুখ’ স্লোগান নিয়ে আয়োজিত এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবার আরও ব্যাপক ও বর্ণাঢ্য হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।গতকাল তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঢাকাসহ দেশের ১১টি জেলা ও বিভাগীয় শহরে প্রতিযোগিতার বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। রংপুর থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হবে ২২ অক্টোবর। প্রতিযোগিতার মূল বিচারকের দায়িত্ব পালন করবেন দেশবরেণ্য শিল্পী হাশেম খান।দেশের সব স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ক ও খ দুটি শাখায় প্রতিযোগিতা হবে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী ‘ক’ শাখা, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ‘খ’ শাখার আওতায় নির্ধারিত বিষয়ের ওপর প্রতিযোগীরা ছবি আঁকবে। প্রতিযোগিতার বিষয়: ক শাখা—নিজের ইচ্ছেমতো এবং খ শাখা—বাংলাদেশের নদী অথবা গ্রাম।শিক্ষার্থীরা প্রতিযোগিতায় নাম নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবে। যেকোনো মুঠোফোন থেকে ৪৯২৯ নম্বরে খুদে বার্তা পাঠিয়ে নাম নিবন্ধন করা যাবে।এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তিআগামী ৮ অক্টোবর সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে থিয়েটার আর্ট ইউনিট প্রবর্তিত এস এম সোলায়মান প্রণোদনা বৃত্তি দেওয়া হবে। থিয়েটার আর্ট ইউনিটের পক্ষে তারেকুল ইসলাম জানান, ২০০৯ ও ২০১০ সালে সৃজনশীল তরুণ নাট্যকর্মী হিসেবে এ বৃত্তির জন্য মনোনীত হয়েছেন যথাক্রমে শাহাদাৎ হোসেন ও আনোয়ারুল হক। তাঁদের হাতে সম্মাননা স্মারক ও বৃত্তি তুলে দেবেন কামাল লোহানী ও রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে এস এম সোলায়মান স্মারক বক্তৃতা করবেন অধ্যাপক রতন সিদ্দিকী।‘ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন’ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের তিন শিক্ষক ও সাত শিক্ষার্থীর ‘ওরিয়েন্টাল পেইন্টিং এক্সিবিশন’ নামের যৌথ প্রদর্শনী শুরু হয়েছে গত শনিবার। ১০ জন শিল্পীর প্রাচ্যরীতির ২৬টি চিত্রকর্ম নিয়ে চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষদের ডিন মতলুব আলী। প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন: জিসি ত্রিবেদী, মলয় বালা, কান্তিদেব অধিকারী, গোপাল সাহা, রকিবুল হাসান, সোহাগ পারভেজ, সিনথিয়া আরেফিন, তাহমিনা ফেরদৌস, সুমন বৈদ্য ও বিকাশ আনন্দ।প্রদর্শনীতে শিল্পী মলয় বালার জলরঙের ওয়াশ পদ্ধতিতে করা ‘শকুন্তলা ও সখীরা’ সিরিজের ৫১তম কাজটি প্রদর্শিত হচ্ছে। মহাকবি কালীদাসের অভিজ্ঞান শকুন্তলম-এর কাহিনি অবলম্বনে এ চিত্রে প্রকৃতি-আশ্রিত শকুন্তলা ও সখীদের নির্মল সৌন্দর্যকে তিনি ফুটিয়ে তুলেছেন। রকিবুল হাসান অপেক্ষারত রমণীর ভাব-ব্যঞ্জনা নিয়ে আসছেন তাঁর চিত্রে। গোপাল সাহার ছবির অন্যতম উপাদান চোখ। শিল্পী চোখকে ব্যবহার করেছেন সমাজের ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণের প্রতীক হিসেবে। প্রদর্শনী চলবে ৭ অক্টোবর পর্যন্ত।