'ভবঘুরে' সিনেমায় শিপন ও তানজিন তিশা

কিছুদিন আগে ফেসবুক লাইভে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক স্বপন আহমেদ। সেদিন শুধু সিনেমার নাম প্রকাশ করলেও প্রকাশ করেননি নায়ক-নায়িকার নাম। গত রোববার বিকেলে প্যারিস থেকে তিনি প্রথম আলোকে জানালেন, ভবঘুরে নামে তাঁর নতুন সিনেমায় জুটি হচ্ছেন শিপন ও তানজিন তিশা। এরই মধ্যে দুজনের সঙ্গে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। ২০ অক্টোবর থেকে ফ্রান্সে ছবিটির শুটিং শুরু হবে। সুইজারল্যান্ডেও ছবির কিছু অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
এর আগে কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন শিপন। তবে তানজিন তিশার এটাই প্রথম সিনেমা। গত মে মাসে মুক্তি পাওয়া তুমি রবে নীরবে সিনেমাটির শুটিংয়ের সময় তিশাকে বলা হয়েছিল, এটি টেলিছবি। পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হয়। তাই ভবঘুরেকেই নিজের প্রথম ছবি মানতে চান তিশা।

এখন ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থান করছেন তিশা। সেখান থেকে মুঠোফোনে ছবিতে অভিনয়ের ব্যাপারে এই অভিনেত্রী বলেন, ‘গত শনিবার রাতে ছবিটিতে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত করেছি। আমি অপেক্ষা করছিলাম, চলচ্চিত্রে আমার শুরুটা ভালো কিছু দিয়ে হোক। ছবির গল্প, গল্পে আমার চরিত্র, শুটিং লোকেশন—সবকিছু মিলিয়ে আমি খুশি। শুরুটা ভালো কিছু দিয়েই করতে পারছি।’
নতুন সিনেমা নিয়ে উচ্ছ্বসিত শিপন বলেন, ‘সিনেমার কেন্দ্রীয় চরিত্রে ভবঘুরে হিসেবে আমি থাকছি। গানপাগল মানুষ। পাঁচ বছর ধরে প্যারিসে থাকি। অথচ আমার কোনো বৈধ কাগজপত্র নেই। এমনকি আমার পাসপোর্টও নেই।’ পাসপোর্ট না থাকলে প্যারিসে কীভাবে গেলেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এটাই সিনেমার মূল আকর্ষণ। এখনই চমকটা নষ্ট করতে চাই না।’
পরিচালক স্বপন আহমেদ জানান, প্যারিসের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে ভবঘুরে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমায় থাকবে পাঁচটি গান। সংগীত পরিচালনা করছেন ইবরার টিপু। শিপন ও তিশা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন ফারুক আহমেদ, শিমুল খান প্রমুখ।