'ভরসা থেকে সিনেমা দেখতে এসেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন ‘জালালের গল্প’ ছবির অভিনেতা তৌকির আহমেদ। ছবি-নাসিরউদ্দীন নাসিম
ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন ‘জালালের গল্প’ ছবির অভিনেতা তৌকির আহমেদ। ছবি-নাসিরউদ্দীন নাসিম

‘সিনেমাটি ভালো নাকি খারাপ তা আমি জানি না। এর বিচার দর্শকরাই করবে। তবে পর্তুগালের মতো একটি দেশের বড় উৎসব থেকে যেহেতু ছবিটিকে পুরস্কৃত করা হয়েছে, সেই ভরসা থেকে সিনেমাটি দেখতে এসেছি। দর্শকরাও একই ভরসায় সিনেমা হলে ছবিটি দেখতে যাবেন।’

নিজের নুতন ছবি ‘জালালের গল্প’-এর মুক্তি উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
আগামী ৪ নভেম্বর ঢাকাসহ সারা দেশের ২০টি সিনেমা হলে ছবিটি মুক্তির ব্যাপারে আলাপ-অলোচনা চূড়ান্ত করা হয়েছে বলে জানান পরিচালক আবু শাহেদ ইমন। ছবির মুক্তি উপলক্ষে গতকাল রোববার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ব্লকবাস্টার সিনেমাস এ প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। এতে ছবির সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

‘জালালের গল্প’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ মুখে মোশাররফ করিম। ছবি-নাসিরউদ্দীন নাসিম
‘জালালের গল্প’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানে যোগ দিতে অনুষ্ঠানস্থলে প্রবেশ মুখে মোশাররফ করিম। ছবি-নাসিরউদ্দীন নাসিম

নতুন ছবিটি প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘সারা দেশে আমার একটা দর্শকগোষ্ঠী আছে। অনেক দিন পর যেহেতু আমার কোনো ছবি মুক্তি পাচ্ছে, কী করলাম, তা দেখার জন্য হলেও একবার তাঁরা সিনেমা হলে যাবেন।’
দেশের বাইরে নানা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘জালালের গল্প’। এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ইমন বললেন, ‘শেষ পর্যন্ত দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে, এ আনন্দ প্রকাশের ভাষা আমার নাই। আমি প্রচণ্ডভাবে নার্ভাসও বলতে পারেন।’
ইমন এও বলেন ‘যতই আমি আন্তর্জাতিক স্বীকৃতি পাই না কেন, দেশের মানুষের স্বীকৃতি সবচেয়ে বড়। দেশের মানুষের মন জয় করতে পারলেই আমার পরিচালনা সার্থক হবে।’

‘জালালের গল্প’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৌসুমী বড়ুয়া। ছবি-নাসিরউদ্দীন নাসিম
‘জালালের গল্প’ ছবির প্রিমিয়ার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মৌসুমী বড়ুয়া। ছবি-নাসিরউদ্দীন নাসিম

‘জালালের গল্প’ ছবির মুক্তি উপলক্ষে আয়োজিত প্রিমিয়ার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, যমুনা গ্রুপের পরিচালক মো. আলমগীর ও এসএম আবদুল ওয়াদুদ, ছবির পরিচালক আবু শাহেদ ইমন, অভিনয়শিল্পী মোশাররফ করিম, তৌকীর আহমেদ, শর্মীমালা প্রমুখ।
‘জালালের গল্প’ আবু শাহেদ ইমন পরিচালিত প্রথম চলচ্চিত্র। তরুণ এই নির্মাতাকে তাই উৎসাহ দিতে আসেন অনেকেই। এদের মধ্যে ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, আবু সাইয়ীদ, গোলাম রাব্বানী বিপ্লব, বিপাশা হায়াত, মাসুদ হাসান উজ্জ্বল, রেদওয়ান রনি প্রমুখ।