গত বছরের জানুয়ারি মাসে মহিলা সমিতি মঞ্চে শেষ প্রদর্শনী হয়েছিল ভাগের মানুষ নাটকটির। এরপর লম্বা বিরতি। প্রায় দেড় বছর পর আবারও সময়-এর জনপ্রিয় এই নাটকটি মঞ্চে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। এ নিয়ে নাটকটির প্রদর্শনীর সংখ্যা দাঁড়াবে ১৪৮। এর প্রদর্শনী দীর্ঘদিন বন্ধ থাকা প্রসঙ্গে সময়ের প্রধান সমন্বয়ক আকতারুজ্জামান বলেন, ‘আমরা এর মাঝখানে দলের আরেকটি জনপ্রিয় নাটক একাত্তরের ক্ষুদিরাম নতুন করে মঞ্চে এনেছি। এবং নতুন নাটক শেষ সংলাপ নিয়ে কাজ করেছি। নাটকটি ইতিমধ্যে বেশ আলোচনায় এসেছে।’ তিনি আরও বলেন, ‘১৯৯৭ সাল থেকে শুরু করে দীর্ঘ ১৩ বছর দেশে-বিদেশে নাটকটির প্রদর্শনী করে চলেছি। এর আগে ২০০৪ সালের ডিসেম্বরে কলকাতার বহরমপুরে নাটকটির শততম মঞ্চায়ন করেছি। আশা করছি, আগামী অক্টোবরে নাটকটির ১৫০তম মঞ্চায়ন করতে পারব।’পাকিস্তানের গল্পকার সা’দত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের। সাতচল্লিশের দেশ বিভাগকে ভিত্তি করে নাটকটির কাহিনি গড়ে উঠেছে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকতারুজ্জামান, ফকরুল ইসলাম, আরিফুজ্জামান, রিয়াজ মাহমুদ জুয়েল, রেজাউর রহমান, পাভেল ইসলাম, লাভলী, বিপ্লব, তোফা, আঁখি, রিংকু, লিটু, জুয়েল, সাকিব, রানা প্রমুখ। ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটির প্রথম প্রদর্শনী হয়।