'ভাগের মানুষ' ও 'শেষ সংলাপ' নিয়ে কলকাতা যাচ্ছে সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শেষ সংলাপ’ নাটকের দৃশ্য
‘শেষ সংলাপ’ নাটকের দৃশ্য

কলকাতার অনীক নাট্যদলের আয়োজনে আজ থেকে শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা নাট্যোত্সব’। উত্সব চলবে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত। এই উত্সবে বাংলাদেশের নাটদ্যল সময় তাদের জনপ্রিয় ‘শেষ সংলাপ’ ও ‘ভাগের মানুষ’ নাটক দুটি মঞ্চস্থ করবে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর রাতে ২৬ সদস্যের একটি দল কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে।

এ প্রসঙ্গে সময় নাট্যদলের সদস্য পাভেল ইসলাম জানিয়েছেন, ২৭ ডিসেম্বর কলকাতার একাডেমি মঞ্চে ‘শেষ সংলাপ’ এবং ২৮ ডিসেম্বর নীরঞ্জন সদন মঞ্চে ‘ভাগের মানুষ’ নাটকের প্রদর্শনী হবে। প্রদর্শনী শেষে সময় নাট্যদলের সদস্যরা আগামী ৩ জানুয়ারি ঢাকা ফিরবেন। পাভেল আরও জানান, একই উত্সবে ২০০৯ সালের ২৮ ডিসেম্বর ‘শেষ সংলাপ’ নাটকটির আন্তর্জাতিক প্রদর্শনী হয়েছিল।

‘ভাগের মানুষ’ নাটকের দৃশ্য
‘ভাগের মানুষ’ নাটকের দৃশ্য



এবারের সফরে থাকছেন পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, ফখরুল ইসলাম মিঠু, রেজাউর রহমান রিজন, মানসুরা রশীদ লাভলী, রুমা, তোফায়েল সরকার, সুনিতা বড়ুয়া, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সোনিয়া, পৃথিবী প্রমুখ।

মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। অন্যদিকে পাকিস্তানের বিখ্যাত লেখক সা’দত হাসানের ছোটগল্প ‘টোবাটেক সিং’ থেকে ‘ভাগের মানুষ’-এর নাট্যরূপ দিয়েছেন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।