‘ভাঙা-গড়ার নাট্যো ৎ সব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মঞ্চনাটকের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বেইলী রোডের মহিলা সমিতি মিলনায়তনের নাম। চার দশক ধরে মিলনায়তনটিতে নাটকের প্রদর্শনী হচ্ছে। ১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের বাকি ইতিহাস নাটকের প্রদর্শনীর মধ্য দিয়ে এই মিলনায়তনে নাটক মঞ্চায়ন শুরু হয়। নাটকটির নাট্যকার বাদল সরকার আর নির্দেশক ছিলেন আলী যাকের। এরপর অসংখ্য নাটক মঞ্চস্থ হয়েছে এখানে। সম্প্রতি মিলনায়তনটি ভেঙে সেখানে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ভবনে থাকবে আধুনিক নাট্যমঞ্চ এবং নাট্যচর্চার নানা সুবিধা। এই মিলনায়তন ঘিরে রয়েছে বাংলাদেশের নাট্যচর্চার নানা ঘটনা ও স্মৃতি। এসব স্মৃতি সংরক্ষণ এবং বর্তমান প্রজন্মের কাছে তা তুলে ধরার জন্য বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজন করেছে ‘ভাঙা-গড়ার নাট্যো ৎ সব’। সপ্তাহব্যাপী এই উ ৎ সব আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মহিলা সমিতি। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘এই মিলনায়তন ঘিরেই আমাদের নাট্যচর্চার বিস্তার ঘটেছিল। অনেক ইতিহাস জড়িয়ে আছে এই মিলনায়তন ঘিরে। এই ঐতিহ্যকে সংরক্ষণ করতে হবে। আশা করছি, নতুন ভবন নির্মাণের পর আবার এই মিলনায়তনে উ ৎ সবমুখর পরিবেশে নাটকের প্রদর্শনী হবে।’ উ ৎ সব নিয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান জানান, মহিলা সমিতি মিলনায়তনে উ ৎ সব শুরু হবে ৮ সেপ্টেম্বর। এই মিলনায়তনে গত চার দশকে যে নাটকগুলোর প্রদর্শনী হয়েছে, তেমনই কিছু উল্লেখযোগ্য নাটকের ২০ মিনিটের প্রদর্শনী থাকবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত। নাটক প্রদর্শনীর পাশাপাশি হবে পুরোনো সব নাটকের পোস্টার, আলোকচিত্র, টিকিট ও স্যুভেনিরের প্রদর্শনী। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার নাটকের দল এতে অংশ নেবে।