'ভাঙো শৃঙ্খল, জাগো মুক্ত মানবতা'

মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক জগৎজ্যোতি দাস। হাওরাঞ্চলের সশস্ত্র লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি। মুক্তিযুদ্ধে তিনি গড়ে তোলেন ১৪২ জন সশস্ত্র সেনার একটি অগ্রবর্তী দল। তাঁর গঠিত মুক্তিসংগ্রামী দলটির নাম ছিল ‘দাস পার্টি’। ভাটি বাংলার বিজয়ে এই দাস পার্টির রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। যুদ্ধের শেষ পর্যায়ে তিনি নিজ গ্রাম জলসখার পার্শ্ববর্তী একটি গ্রামে শহীদ হন। ভাটি বাংলার ইতিহাসে তিনি দখল করে আছেন বিশাল আসন। এ নিয়ে নাটক জ্যোতিসংহিতা। জাতীয় নাট্যশালায় নাটকটি মঞ্চায়নের মধ্য দিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব। ‘ভাঙো শৃঙ্খল, জাগো মুক্ত মানবতা’ স্লোগান নিয়ে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও বৈষম্যের শৃঙ্খল ভেঙে মানবতার মুক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই নাট্যোৎসব। উদ্বোধনের পর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় জ্যোতিসংহিতা নাটকটি। নাটকটি লিখেছেন রুমা মোদক। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এটি প্রযোজনা করেছে হবিগঞ্জের জীবন সংকেত।
এ ছাড়া গতকাল পরীক্ষণ থিয়েটারে মঞ্চস্থ হয় থিয়েটার বেইলি রোড়ের নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়।
সৈয়দ শাসসুল হকের লেখা নাটকটি প্রথমে নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল মামুন। নতুন পর্যায়ে এ নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী।