'ভারতীয় ছবি আমদানি বন্ধে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব'

ভারতীয় চলচ্চিত্র আমদানি বন্ধের জন্য দরকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতারা। আজ সোমবার সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পরিচালক সমিতির কার্যালয়ে এমনটাই বললেন তাঁরা।
চলচ্চিত্র বিনিময়ের কথা বলে বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘অবাধে’ ভারতের ছবি মুক্তির প্রতিবাদে আন্দোলনে নামছে চলচ্চিত্রের সংগঠনগুলো। সম্প্রতি জানা গেছে, বাংলাদেশে মুক্তি পাবে কলকাতার নতুন ছবি ‘কেলোর কীর্তি’। দেব অভিনীত এই ছবিটি বাংলাদেশে মুক্তি নিয়ে সংগঠনগুলোর তীব্র আপত্তি রয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সংগঠনগুলোর নেতারা পরিচালক সমিতির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। ২০ জুলাই আবারও তাঁরা প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।
আজকের সভায় ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও জনপ্রিয় নায়ক শাকিব খানও। তিনি ভারতীয় ছবি আমদানির বিপক্ষে, তবে যৌথ প্রযোজনার ছবির পক্ষে। এবারের ঈদে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারী’ দেখতে প্রেক্ষাগৃহে ছিল উপচে পড়া ভিড়। কেউ কেউ বলছেন, ‘শিকারী’ ছবিটি কয়েক বছরের ব্যবসায়িক রেকর্ডও ভাঙতে যাচ্ছে।
প্রতিবাদ সভায় শাকিব খান বললেন, ‘আমরা পুরোপুরি চলচ্চিত্র আমদানি-রপ্তানির বিপক্ষে। যখন থেকে এমন আভাস পেয়েছি, তখন থেকে আমি এটা বলে আসছি। যে প্রক্রিয়াতে আমদানি-রপ্তানি হবে, তাতে আমাদের ইন্ডাস্ট্রির বারোটা বাজবে। আমরা চাই, যৌথ প্রযোজনার ছবির মাধ্যমে দুই দেশের শিল্পীদের সম্পর্কের উন্নয়ন ঘটুক। চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যবসায়িকভাবে লাভবান হোক। যৌথ প্রযোজনার ছবি যদি ঠিকভাবে বানানো হয়, তাহলে মানুষ দেখবেই। যার প্রমাণ এবারের ঈদে আমরা দেখেছি। গত ১০ বছরে বাংলাদেশের সিনেমা হলের সামনে এমন দৃশ্য দেখা যায়নি। তবে যৌথ প্রযোজনার ক্ষেত্রেও কিন্তু সঠিক নিয়ম মেনেই সবকিছু করতে হবে।’
এফডিসিতে পরিচালক সমিতি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চিত্রনায়ক ওমর সানি, অমিত হাসান; পরিচালক সমিতির পক্ষে দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান; প্রযোজক সমিতির পক্ষে খোরশেদ আলম খসরু; এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু; নৃত্য পরিচালক সমিতির পক্ষে আজিজ রেজা; সিডাবের পক্ষে এস আই ফারুক প্রমুখ। তাঁরা সবাই বাংলাদেশে প্রেক্ষাগৃহে ভারতীয় ছবি আসার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।
প্রতিবাদকারী সংগঠনগুলোর মধ্যে আছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি, প্রযোজক সমিতির নেতারা, নৃত্য পরিচালক সমিতি, এডিটরস গিল্ডস অ্যাসোসিয়েশন, মেকআপম্যান অ্যাসোসিয়েশন, প্রোডাকশন ম্যানেজার অ্যাসোসিয়েশন, সিনে ডিরেক্টরিয়াল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডাব), ফাইট ডিরেক্টর অ্যাসোসিয়েশন।
ভারতীয় ছবি ‘কেলোর কীর্তি’ বাংলাদেশে আনার প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন ভারতের চলচ্চিত্র প্রযোজক বিজয় খেমকা। তিনি বাংলাদেশের আরেক ব্যবসাসফল সিনেমা ‘মনের মাঝে তুমি’র সহপ্রযোজকও ছিলেন। আজ বিকেলে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের সব ধরনের নিয়ম মেনেই আমরা ভারতের ছবি আমদানি করছি। এর বেশি আর কিছু বলতে চাই না। এ ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জেনে নিন।’