‘ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ছায়াছবি আমদানি-রপ্তানি’ নিয়ে সংশ্লিষ্টজনেরা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসানুল হক ইনুতথ্যমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারআইনের দিক নিয়ে বলতে গেলে বলতে হয়, ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর ভারতীয় ছবির ওপর জারি করা নিষেধাজ্ঞা এখনো বলবৎ আছে। তবে যৌথ প্রযোজনার ছবি দুই দেশেই প্রদর্শিত হয়। সম্প্রতি সাফটা চুক্তির মাধ্যমে আমরা যা পেয়েছি, তা হলো, বাংলাদেশ যদি ভারতে কিছুসংখ্যক ছবি পাঠায়, তাহলে আমরাও সমসংখ্যক ভারতীয় ছবি আমদানি করতে পারব। আমি চাই, আমাদের দেশের চলচ্চিত্রের বাজার প্রসারিত করতে। আমি ভারতের সঙ্গে চলচ্চিত্র আমদানি-রপ্তানির পরিবেশ সৃষ্টি করে দিতে চাইছি। বাংলাদেশে ১৬ কোটি মানুষ, ভারতের পশ্চিমবঙ্গ এবং বিশ্বের বিভিন্ন স্থান মিলে মোট ৩৫ কোটি বাঙালির যে বাজার আছে, সে বাজারের কথা মনে রেখে কথাগুলো বলছি। দুই দেশের শিল্পপতিরা চলচ্চিত্র উন্নয়নে এগিয়ে আসুক। সরকার চলচ্চিত্রকে শিল্প হিসেবে ঘোষণা দিয়েছে, চলচ্চিত্র ইনস্টিটিউট করা হয়েছে, সিনেমা মালিকদের কর অবকাশ দেওয়া হয়েছে। এখন ভালো প্রেক্ষাগৃহ নির্মাণ, ভালো চলচ্চিত্র নির্মাণ করলে আমাদের ছবির বাজার আরও প্রসারিত হবে। দুই দেশের চলচ্চিত্র ব্যবসায়ীরা উদ্যোগ নিক। এ বিষয়ে আইন ও নীতিমালার ভিত্তিতে এগিয়ে গেলে আমাদের চলচ্চিত্রের বাজার লাভবান হবে। পীযূষ বন্দ্যোপাধ্যায়ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনমুক্তবাজার অর্থনীতির কারণে বিদেশি বিনিয়োগ সবখানেই স্বীকৃত হচ্ছে। কলকাতার ছবি এ দেশে চললে তা আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য হুমকি হবে বলে আমি মনে করি না। সরকারের নির্দিষ্ট নীতিমালা আছে, তার ভেতর থেকেই যদি বাণিজ্য করা হয়, বলার কিছু থাকে না। গত ৭৫ দিনে চলচ্চিত্র পরিচালক সমিতির কাছে ৫০ জন নতুন নির্মাতা তালিকাভুক্ত হয়েছেন। এখন অনেক ডিজিটাল ছবি নির্মিত হচ্ছে। আমরা যদি আধুনিক প্রযুক্তিতে স্বল্প বাজেটে ভালো ছবি নির্মাণ করতে পারি, তাহলে আমাদের ছবির দর্শকসংখ্যাও অনেক বেড়ে যাবে। শুধু সরকারের মুখাপেক্ষী হয়ে থাকলে চলবে না। এখন এফডিসি ছাড়াও লগ্নি করতে পারছেন অনেক মানুষ। আসলে খণ্ড খণ্ড উদ্যোগ নিয়ে কিছু হবে না। আমাদের সবাইকে মিলতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। লড়াইটা শুধু মেধার নয়, বিত্ত ও কৌশলেরও। আমাদের চলচ্চিত্রশিল্প যেন বিকশিত হতে পারে, তা মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ভারতের টিভি চ্যানেলেও আমাদের শিল্পীদের পরিচিত করতে হবে। ওদেরটা আমরা এখানে বসে দেখতে পারি, ফলে ওদের আমরা চিনি। আমাদের তো ওরা চেনে না। সেটা করতে হবে।আবুল খায়েরব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ফাউন্ডেশনচলচ্চিত্র বিকাশের ক্ষেত্রে আমি দুটো উদ্যোগ নিতে চাই। একটি হলো, সারা দেশে অনেকগুলো সংস্কৃতিকেন্দ্র গড়ে তোলা। নিচতলায় থাকবে পাঠাগার, বইয়ের দোকান, ক্যাফেটেরিয়া। ওপরতলায় প্রেক্ষাগৃহ। সপ্তাহের ছয় দিন সেখানে সিনেমা চলবে। এক দিন স্থানীয়ভাবে নাটক বা নাচ বা গানের অনুষ্ঠান হবে। চলচ্চিত্র প্রদর্শনের আয় থেকে এই কাজটি করা হবে। দ্বিতীয়টি হলো, নতুন নির্মাতাদের আমি অনুদান দিতে চাই। এখন ডিজিটাল ছবি তৈরি করার মতো অসংখ্য নতুন নির্মাতা তৈরি হয়েছে। একটি কমিটি থাকবে, তারা চিত্রনাট্য দেখে অনুমোদন করলে আমরা অনুদান দেব। ফলে অনেক নতুন ভালো ছবি আমরা পাব। শুধু আমি কেন, ইমপ্রেস, এটিএনসহ অনেক প্রতিষ্ঠানই ছবি বানাচ্ছে। এ রকম প্রতিষ্ঠান আরও বাড়বে। ফলে ভালো ছবির অভাব হবে না। আমাদের দুই বছর সময় দিতে হবে। এর মধ্যে আমরা সবাই মিলে ১০০-১৫০টি ভালো ছবি বানাতে পারব। এরপর আমাদের ছবির ২০ শতাংশ ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে চালাতে হবে। আমরাও ওদের ২০ শতাংশ ছবি চালাব। যে প্রেক্ষাগৃহ আছে, সেগুলোরও আধুনিকায়ন করতে হবে। পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এসি, ডিজিটাল করতে হবে। প্রেক্ষাগৃহের আসন, বাথরুম ঠিক করতে হবে। সবাই মিলে এগিয়ে এলে আমাদের চলচ্চিত্রের সুদিন ফিরে আসবে।শহীদুল ইসলাম খোকনসভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিদুই দেশের বাংলা ছবির আমদানি-রপ্তানি নিয়ে যখন ভারত থেকে একটি প্রতিনিধিদল এসেছিল, তখন তথ্যমন্ত্রী আমাদের ডেকেছিলেন। আমি তখনো বলেছিলাম, ভারতের অসংখ্য টিভি চ্যানেলের কারণে আমাদের বাড়ির গৃহপরিচারিকা থেকে শুরু করে বড় সাহেব পর্যন্ত ওদের সব শিল্পীকে চেনেন। আমাদের কাউকে কি ভারতে চেনে? এই চিন-পরিচয় হওয়াটা খুব জরুরি। এ জন্য ছয় থেকে সাত মাস সময় দেওয়া হোক। আমাদের চ্যানেলগুলো ওদের দেশে চলুক। এরই মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন করা হোক। দুই দেশের বাংলা চলচ্চিত্র আদান-প্রদান হলে ক্ষতি কিছু নেই।আমাদের চলচ্চিত্রের একসময় সুদিন ছিল। একটা সময় বাংলাদেশে একটি ছবির বাজেট ছিল দুই কোটি টাকা, তখন কলকাতার ছবি নির্মাণ করা হতো ২৫ লাখ টাকায়। সে রকম একসময়ে আমি কলকাতায় একটি চলচ্চিত্র উৎসবে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে বলেছিলাম, চলুন ছবি করি। তিনি বলেছিলেন, কেন্দ্র রাজি হবে না। এখন বাংলাদেশের ছবির দুঃসময় চলছে। এ সময় নিজেরা তৈরি হয়ে না এগোলে ভারতীয় ছবির আগ্রাসন ঠেকানো যাবে কি? আগে আমরা তৈরি হয়ে নিই, তারপর বিনিময়ের কথা ভাবব। সে জন্য ছয়-সাত মাস সময় নেওয়া দরকার।