
রাঢ়াঙ-এর ১৫০তম প্রদর্শনী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সম্প্রতি তিন দিনের নাট্যোৎসব করেছে আরণ্যক নাট্যাদল। উৎসব ও রাঢ়াঙ নিয়ে কথা বললেন নাটকটির রচয়িতা ও নির্দেশক মামুনুর রশীদ।
‘রাঢ়াঙ’ লেখা হলো কীভাবে?
২০০০ সালে নওগাঁতে হত্যা করা হলো সাঁওতাল সম্প্রদায়ের নেতা আলফ্রেড সারেংকে। এ ঘটনা সে সময় দেশজুড়ে আলোড়ন তুলেছিল। তো, আলফ্রেড হত্যাকাণ্ডের পরদিন সঞ্জীব দ্রংয়ের সঙ্গে আমি নওগাঁর সাঁওতালপল্লিতে গেলাম। সেখানে গিয়ে দেখি বিশাল প্রতিবাদী সমাবেশ। এখানে সেদিন একটি ব্যতিক্রমী উপহার ও অনুরোধ পেয়েছিলাম—সাঁওতালরা আমাকে একটি তির-ধনুক উপহার দিয়ে বলেছিল, আমাদের ওপর নিপীড়নের ঘটনাগুলো নিয়ে একটি নাটক লেখেন। রাঢ়াঙ লেখার শুরু এভাবেই।
এরপরই কি শুরু হলো নাটক লেখা?
এ ঘটনার পর আমি ভীষণভাবে অনুপ্রণিত হলাম। নাটকটি লেখার সময়ে সাঁওতাল, গারো, হাজংসহ বিভিন্ন আদিবাসীর জীবনধারা খুব কাছ থেকে দেখেছি আমি, তাদের উৎসবগুলো দেখেছি, তাদের গানগুলো রেকর্ড করেছি, তাদের মধ্যে কাটিয়েছি দীর্ঘ সময়। এভাবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে লিখেছি নাটকটি। শুরু করেছিলাম ২০০১ সালে, শেষ করেছি ২০০৩-এ।
সাঁওতাল জনগোষ্ঠীকে নিয়ে এ নাটক লেখা শুরুর পর কী মনে হচ্ছিল আপনার?
প্রথমত আমি খানিকটা ভয় পেয়েছিলাম। বারবার মনে হচ্ছিল, কীভাবে, কোথা থেকে নাটকটি শুরু করব আমি। শুরু করলাম নাচোল বিদ্রোহের পর থেকে। লিখতে গিয়ে এ সময় মনে হলো, নাটক লেখার সময় স্থান ও কাল মেনে চলার যে রীতি, সেটি অনুসরণ না করলে কী হয়। রাঢ়াঙ-এ আমি স্থান-কালের ঐক্য ভেঙে দিলাম। আমার মনে হলো, এই যে অহরহ বিভিন্ন আদিবাসী গোষ্ঠী নিপীড়নের শিকার হয়, এর প্রধান কারণ ভূমি। ভূমির ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্যই ওদের ওপর নির্যাতন চালায় শাসকেরা।
‘রাঢ়াঙ’-এর নাট্য-নির্মাণ সম্পর্কে বলুন...
আমি যখন রাঢ়াঙ নির্দেশনা দিচ্ছি, সে সময়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাট্যপ্রদর্শনীর সূচনা ঘটে। তো, পরীক্ষণ থিয়েটার হলের সুবিধা পাওয়ায় আমি এর ডিজাইনে একটু ভিন্নতা আনলাম—চারদিক খোলা মঞ্চকে মাথায় রেখে। অভিনয়ের ক্ষেত্রে কেবল চরিত্রাভিনয় রীতি নয়, আশ্রয় নিলাম মিশ্র রীতির। আর এ নাটকে আমরা সাঁওতালদের বাদ্যযন্ত্রগুলোই ব্যবহার করেছি।

নাগরিক অভিনেতারা কীভাবে সাঁওতাল জনজীবনকে আত্মস্থ করেছিলেন?
এটা ছিল যথেষ্ট কষ্টসাধ্য। অভিনেতাদের আমি অনেকবারই সাঁওতালপল্লিতে নিয়ে গিয়েছি, তারা সেখানকার মানুষজনের জীবন দেখেছে, জীবনবোধ সম্পর্কে জেনেছে। এ ছাড়া সাঁওতালরা কীভাবে কথা বলে, হাঁটাচলা করে—এসবও লক্ষ করেছে অভিনেতারা। এগুলো তাদের অভিনয়ে খুব সহায়ক ছিল। আর নাটক তো হুবহু বাস্তবতার প্রদর্শনী নয়, নাটকে তুলে আনা হয় শিল্পের বাস্তবতা। রাঢ়াঙ-এআমরা সবাই মিলে সেই চেষ্টাই করেছি।
‘রাঢ়াঙ’-এর ১৫০তম প্রদর্শনী হলো। এ উপলক্ষে আপনারা নাট্যোৎসব করলেন—এ বিষয়ে কী বলবেন?
আমাদের জন্য এটা তো অবশ্যই আনন্দের উপলক্ষ। এখন যেখানে অনেক দলই চাহিদা অনুযায়ী হল পায় না, সেখানে একটি নাটক ১৫০তম প্রদর্শনী অতিক্রম করেছে—এটা কোনো ছোট ঘটনা নয়। আমি মনে করি, এ থেকে এই বার্তাটি পৌঁছানো সম্ভব যে ভালো নাটক টিকে থাকে, ভালো নাটক করে দর্শকের কাছে পৌঁছানো যায়।
উৎসব সম্পর্কে জানতে চাই...
‘শুনি দূরাগত মাদলের ধ্বনি’ শিরোনামে আমাদের নাট্যোৎসবটি ছিল তিন দিনের—৩০ জুলাই শুরু হয়ে শেষ হয়েছে ১ আগস্ট। উৎসবে প্রথম দিন বঙ্গভঙ্গ, দ্বিতীয় দিন রাঢ়াঙ ও তৃতীয় দিন ছিল স্বপ্নপথিক নাটকের প্রদর্শনী। এ ছাড়া ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’ শীর্ষক একটি সেমিনারও করেছি আমরা। সব মিলিয়ে উৎসবটি ছিল প্রাণবন্ত। আর উৎসবের মধ্যমণি ছিল রাঢ়াঙ।