'ভালো নেই নদী'

প্রদর্শনীটি নদী নিয়ে। বিশ জন আলোকচিত্রীর ৩৬টি ছবি নিয়ে প্রদর্শনী। আলোকচিত্রীদের ফ্রেমে নানাভাবে ধরা পড়েছে বাংলার নদীগুলো। বিগতযৌবনা নদীর দুই তীরে সবুজ বাংলাদেশ, নদীনির্ভর জনপদ আর নদীর বিপন্নতার গল্পগুলো নিয়ে তারা আয়োজন করেছেন প্রদর্শনী ‘নদ-নদীর আলোকচিত্র’।
আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনের লবিতে চার দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশে আজ নদী হারিয়ে গেছে, হারিয়ে গেছে নদীকে ঘিরে নানা উৎসব। দখল, দূষণের অত্যাচারে নদীর পানি আজ দূষিত। নদীর দুই পাশে তাকালে দেখা যায় বর্জ্যের স্তূপ। ভালো নেই নদী, ভালো নেই বাংলাদেশ।’ টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ দেশ গড়তে সরকার অন্যান্য অনেক ইস্যুর মতো পরিবেশকেও ‘সমান গুরুত্ব’ দিয়ে দেখছে বলে জানান তিনি।
নদী রক্ষা আন্দোলনকে পরিবেশ বাঁচাও আন্দোলনের একটি অংশ হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃতি রক্ষা করতে হলে আমাদের নদীগুলোকে রক্ষা করতেই হবে। রক্ষা করতে হবে তার স্বাভাবিক গতিপ্রকৃতি ও পবিত্রতা।’
আলোকচিত্রীদের পক্ষে সৈয়দ জাকির হোসেন বলেন, ‘আমরা মানুষকে দেখাতে চাই নদীর প্রকৃত অবস্থা কী, তাঁদের সচেতন করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য।’ অনুষ্ঠানের বিশেষ অতিথি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ‘বিশেষ’ একটি টাস্কফোর্স গঠন করে নদী রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। একই সঙ্গে গতানুগতিক পদ্ধতি পরিহার করে আধুনিক পদ্ধতিতে নদী খননের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।

বিশ্ব নদী দিবস উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করেছে নদী-নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন ‘নোঙর’। সংগঠনটির সভাপতি সুমন শামস বলেন, ‘সুন্দর অসুন্দরের লড়াইয়ে নিজের অবস্থান স্পষ্ট করার সময় এখনো ফুরিয়ে যায়নি। আজকের এই প্রদর্শনী সেই তাগিদই দেবে আমাদের।’
প্রদর্শনীর আলোকচিত্রগুলোর ভাষা সহজ। এ আলোকচিত্রগুলো বলছে, বাংলার নদীগুলো ভালো নেই। এখানে উঠে এসেছে নদীর দুই পাড়ের গ্রাম-জনপদ ও প্রকৃতির গল্প। নদী কোথাও প্রমত্তা, কোথাও ধীর আবার কোথাও ক্ষীণস্রোতা। আবার কোথাও আগ্রাসী হয়ে দুই কূল ভেঙে মানুষের স্বপ্ন ভাঙে, কোথাও আবার স্বপ্ন গড়ে। তবে সব ছাপিয়ে ছবিগুলোতে উঠে এসেছে নদী-ভাঙন ও দূষণের কথাই।
প্রদর্শনীটি চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।