‘ভালো লাগার গান’ নিয়ে রোমানা-ইমন
দুজনের যাত্রা হয়েছিল বিজ্ঞাপনচিত্র দিয়ে। তারপর ছোট পর্দায়ই ঠিকানা করে নিলেন অভিনয়ের মাধ্যমে। এরপর বড় পর্দা। এবার দুজনকে দেখা যাবে উপস্থাপনায়। আসছে ঈদে ইমন-রোমানা ‘ভালো লাগার গান’ নামের একটি অনুষ্ঠানে উপস্থাপনা করেছেন। সেখানে তাঁরা দুজনেই নিজেদের পছন্দের গানের কথা বলেছেন। সেই গানগুলোই দেখানো হবে অনুষ্ঠানে। মহিউদ্দিন পরিচালিত এ অনুষ্ঠানে ইমন-রোমানা বিয়ের ফুল, হূদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, স্বপ্নের বাসর, এক বুক ভালোবাসা এবং ভালোবাসলেই ঘর বাঁধা যায় না ছবির গানগুলো তুলে ধরেছেন।অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে রোমানা বললেন, ‘আমি উপস্থাপনার কাজ করি না। এবারের অনুষ্ঠানটি ছিল সিনেমার গান নিয়ে। আমাদের সিনেমায় বেশ কিছু ভালো গান আছে। সেসব গান থেকে আমি আমার পছন্দের কয়েকটি গানের কথা বলেছি।’ইমন বললেন, ‘গান তো সবাই কম-বেশি পছন্দ করেন। আর সেটা যদি হয় সিনেমার গান, তাহলে তো কথাই নেই। আমি আমার নিজের ভালো লাগার গানের কথা বলেছি। আশা করি, দর্শক-শ্রোতারাও গানগুলো পছন্দ করবেন।পরিচালক মহিউদ্দিন জানিয়েছেন, আগামী ঈদুল আজহায় বিটিভির জন্য অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে।