
বাউল বেশে রবিঠাকুর, রিংকুর নতুন অ্যালবাম। পুরো অ্যালবামটিই রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল অঙ্গের গান নিয়ে। প্রকাশ করেছে সম্পর্ক অডিও ভিজ্যুয়াল।
নতুন অ্যালবাম ‘বাউল বেশে রবিঠাকুর’...
রবীন্দ্রনাথের কিছু গান করেছি বাউল-ঢঙে। সুর ঠিক রেখে যন্ত্রানুষঙ্গ আর গায়কিতে কিছুটা বাউল-প্রভাব রেখেছি। গানগুলোর আবেদনও অন্য রকম। সংগীতায়োজন আমিই করেছি। অ্যালবামে গান আছে ছয়টি।
যে ভাবনা থেকে এই অ্যালবাম...
ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান গেয়েছি। খুব ভালো লাগত। তাই ইচ্ছা ছিল রবীন্দ্রসংগীত নিয়ে অ্যালবাম করার। সেদিক থেকে অ্যালবামটি কিছুটা নিরীক্ষাধর্মী বলতে পারেন।
লালন আর রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে মিল...
আমার মনে হয়, লালন আর রবিঠাকুরের গানের ভাব অভিন্ন। বাউলিয়ানা রবিঠাকুরের মধ্যেও ছিল। ঠাকুরবাড়ির পরিবেশ, পরিস্থিতি, প্রভাব, প্রতিপত্তি—এসবের কারণে হয়তো তাঁর বাউলিয়ানা তেমন প্রকাশ পায়নি।
নজরুলের গান নিয়ে ভাবনা...
কাজী নজরুল ইসলামের গান নিয়েও অ্যালবাম করার ইচ্ছা আছে। নজরুলের কিন্তু লোক ধাঁচের অনেক গান আছে। সামনে হয়তো নজরুলকে নিয়েও নিরীক্ষাধর্মী কাজ করতে পারি।
গান আমার কাছে...
গান আমার কাছে পরম পূজনীয়। পবিত্র মন নিয়ে গান গাই।
নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের খবর...
আমার প্রযোজনা প্রতিষ্ঠান সম্পর্ক অডিও ভিজ্যুয়াল থেকে এবার ঈদে তিনটি অ্যালবাম বের হলো। সাহাবুলের লালন সাঁইজি, কাজল আরিফের নতুন একটা প্রেমে পড়ো আর আমার বাউল বেশে রবীন্দ্রনাথ।
গানের ভুবনে রিংকুর নিজস্বতা...
আমি সব ভালোকেই অনুসরণ করি, কিন্তু অনুকরণ করি না। সে জন্যই হয়তো একটা নিজস্বতা তৈরি হয়েছে।
মো. সাইফুল্লাহ