'ভীনদেশের শুটিংয়ে এখন খুব একটা আগ্রহ পাই না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী
চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। অভিনেতা। আজ এটিএন বাংলায় প্রচারিত হবে রাজিবুল ইসলামের লেখা ও গোলাম হাবিব পরিচালিত তাঁর অভিনীত ধারাবাহিক ঝরাফুল
নাটক ‘ঝরাফুল’...
নাটকটির শুটিং করেছি বেশ কিছুদিন আগে। বেশ বড় একটা দল নিয়ে আমরা মালয়েশিয়া গিয়েছিলাম। সহশিল্পীদের সঙ্গে খুব ভালো কিছু দিন কেটেছে। মনে আছে, সকালে আমরা সেখানকার ফুটপাতের কিছু ভারতীয় রেস্তোরাঁয় পরোটা-ডিম ভাজি দিয়ে নাশতা করতাম, দারুণ লাগত।
ভীনদেশে শুটিং...
দেশের বাইরে অন্যরকম লোকেশন পাওয়া যায় না, তবে ঘোরাঘুরি হয়। একসময় খুব ভালো লাগত। কিন্তু এসব ক্ষেত্রে কাজের চাপ বেশি থাকে। ঢাকায় যেখানে আমরা সারা দিনে ছয়-সাতটা সিকোয়েন্স করি, বাইরে গেলে ৩৫-৪০টাও করতে হয়। এ কারণে আসলে ভীনদেশের শুটিংয়ে এখন খুব একটা আগ্রহ পাই না।
অভিনয় আর আঁকাআঁকির মিল...
অভিনয় করতে হলে চরিত্রটাকে মনে মনে দেখতে হয়। চরিত্রটা কীভাবে হাঁটে, কী পোশাক পরে, কীভাবে কথা বলে—এসব ভাবতে হয়। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পরেছি, আমি বোধ হয় মনে মনে চরিত্রটার একটা ভালো ছবি আঁকতে পারি।
নিজের অভিনীত কোনো চরিত্রের সঙ্গে দেখা করার সুযোগ হলে...
মনপুরার সোনাইয়ের সঙ্গে দেখা করতাম। সোনাইকে বলতাম, তোমার কষ্টটা তোমার একার না। ভালোবেসে না পাওয়ার কষ্ট তোমার মতো সব মানুষেরই।
উপস্থাপনায় নিয়মিত...
উপস্থাপনা করলেও আমি নিজেকে উপস্থাপক ভাবি না। মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের উপস্থাপনা করেছি দুবার। তবে সেটা উপস্থাপনা নয়, একধরনের মঞ্চাভিনয়ই ছিল। আবার লাখো কণ্ঠে জাতীয় সংগীতের আয়োজনটাও ভিন্ন। এত বড় একটা অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারাই আনন্দের। গান, উপস্থাপনা এগুলো শখের বশেই করি।
এখন ব্যস্ততা...
এখন আছি কাম টু দ্যা পয়েন্ট নাটকের সেটে। শুটিং চলছে। অন্য যে ধারাবাহিক নাটকগুলো চলছে, সেগুলোরও ব্যস্ততা আছে। ঈদের নাটকের কাজ শুরু হয়ে গেছে। বেশ কিছু পরিচালক স্ক্রিপ্ট নিয়ে যোগাযোগ করেছেন। সবগুলো তো করতে পারব না। বেছে বেছে কয়েকটা করব।
মো. সাইফুল্লাহ