
দেখতে দেখতে কেটে গেল ১০টি দিন। ধুলো ওড়া পথে আজ আর পড়বে না হাজারো মানুষের পায়ের চিহ্ন। কিন্তু যে গান-সুর-কবিতা-গল্প-আড্ডার মধ্য দিয়ে বিনে সুতায় মালা গাঁথা হলো, স্মৃতির জাবর কেটে নিশ্চয়ই সিলেটবাসী স্মরণ করে নেবে সেই দিনগুলোকে, রাতগুলোকে। হয়তো কেউ কেউ আওড়াবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পঙ্ক্তি, ‘মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ—/ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ’।
গতকাল শুক্রবার বেঙ্গল সংস্কৃতি উৎসব শেষ হলেও এর ‘আনন্দ-আবেশ’ ঠিকই চলবে আরও বহু দিন। শুদ্ধ ও সুস্থ সংস্কৃতির স্বাদ পাওয়া মানুষ এ-ও জানাতে ভুললেন না, পুনরায় যেন একইভাবে তাঁদের উদ্যোগেই সিলেটে শিল্পী-লেখক-নাট্যকুশলী-নৃত্যশিল্পী-চিত্রকরদের অংশগ্রহণে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতির এই মিলনমেলার আয়োজন করা হয়।
গতকাল নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে সমাপণী দিনের অনুষ্ঠান শুরু হয় বেলা সোয়া ১১টায়। সৈয়দ মুজতবা আলী মঞ্চে ছিল ‘সিলেট হয়ে উঠুক আরো সিলেট’ শীর্ষক বিশেষ উপস্থাপনা ও আলোচনা। বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার, ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটলমেন্টসের উদ্যোগে আয়োজিত এই সভার শুরুতেই বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের প্রধান পরিচালক স্থপতি কাজী খালিদ আশরাফ। জিনবিজ্ঞানী আবেদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, স্থপতি সাইফ উল হক, জেরিনা হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিকেল চারটায় সৈয়দ মুজতবা আলী মঞ্চেই ছিল ঘাসফুল চলচ্চিত্রের প্রদর্শনী। সন্ধ্যা সোয়া সাতটায় একই মঞ্চে সুবচন নাট্যসংসদ মঞ্চনাটক মহাজনের নাও পরিবেশন করে। শাকুর মজিদ রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের জীবন ও কর্মভিত্তিক নাটকটি দেখতে নাট্যানুরাগীদের ভিড় ছিল লক্ষণীয়।
বিকেল চারটায় হাসন রাজা মঞ্চে গীতবিতান বাংলাদেশের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের ঋতু পর্যায়ের সাতটি গান ও দুটি আবৃত্তি নিয়ে ‘ঋতুরঙ্গ’ শীর্ষক একটি দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। এটি পরিচালনা করেন শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী। এরপরই মঞ্চে ওঠেন শিল্পী অনিন্দিতা চৌধুরী। তিনি বেশ কয়েকটি নজরুলসংগীত ও লোকসংগীত পরিবেশন করেন। সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হয় সমাপণী অধিবেশন।
সমাপণী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। স্বাগত বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমুন আরা খানম, বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর ও গোল্ডেন হার্ভেস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সামদানী। এই পর্বে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়েরকে এত সুন্দর একটি সফল অনুষ্ঠান আয়োজন করার জন্য সিলেটের বেশ কয়েকটি সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠন সম্মাননা-ক্রেস্ট প্রদান করেছে। সমাপণী পর্বে বক্তৃতায় রাশেদ খান মেনন বলেন, ‘সমাজ ও রাষ্ট্রকে এখন যেভাবে উগ্রবাদ, সাম্প্রদায়িকতাবাদ ও জঙ্গিবাদ ঘিরে রেখেছে, সেখান থেকে ফিরতে হলে সংস্কৃতিচর্চা ছাড়া কোনো বিকল্প পথ নেই। এই সময়ে এমন আয়োজন নিঃসন্দেহে সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।’ আবুল খায়ের বক্তৃতায় বলেন, ‘এটি বিদায়ের ক্ষণ, কষ্টের দিন। এই ১০ দিন সিলেটবাসী আমাদের যে আদর দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন, তাতে আমরা কৃতজ্ঞ।’
আবুল খায়ের শুভেচ্ছা বক্তব্যে আরও বলেন, ‘মানুষের রুচির বিকাশে মানবিকতার সাধনায় আমরা কাজ করছি, এর বাইরে আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। সংস্কৃতির সবগুলো বিষয়কে আমরা একত্র করে সিলেটবাসীর সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। নৈরাজ্য থেকে দূরে থাকার জন্য সংস্কৃতি ও খেলাধুলা চর্চার কোনো বিকল্প নেই।’
বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীদের দলীয় যন্ত্রসংগীত পরিবেশনার পর মঞ্চে আসেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সবশেষে মঞ্চে ওঠেন বাউলশিল্পী শফি মণ্ডল। গতকাল রাত সাড়ে সাতটা পর্যন্ত প্রায় ৪৫ হাজার দর্শক-শ্রোতা উৎসবস্থলে প্রবেশ করেছেন বলে আয়োজকেরা নিশ্চিত করেছেন।
২২ ফেব্রুয়ারি এই উৎসবের উদ্বোধন করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পুরো উৎসবটি উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এই উৎসবের সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। আয়োজকেরা বলেছেন, দেশ-বিদেশের ৩৮৩ জন বিশিষ্ট সংগীতশিল্পী-নৃত্যশিল্পী-চিত্রকর-নাট্যকুশলী-লেখক-কবির অংশগ্রহণে এমন অনুষ্ঠান সিলেটে তো বটেই, অংশগ্রহণকারীদের সংখ্যার বিচারে এ ধরনের বৃহৎ কোনো আয়োজন এর আগে দেশের কোথাও হয়নি।
প্রতিদিনই সৈয়দ মুজতবা আলী ও হাসন রাজা মঞ্চে মূল অনুষ্ঠান হয়েছে। উৎসবের প্রথম দিন থেকেই শাহ আবদুল করিম চত্বরে বাদ্যযন্ত্র ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী; গুরু সদয় দত্ত চত্বরে কারুমেলা এবং বেঙ্গল প্যাভিলিয়ন ও কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী হয়েছে। রাধারমণ দত্ত বেদিতে অনুষ্ঠিত হয়েছে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প। ১০ দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও তিন দিনব্যাপী কালি ও কলম সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।