'ভুবন মাঝি'র জন্মদিনে...

সরকারি অনুদানের চলচ্চিত্র ভুবন মাঝি মুক্তি পাবে আগামী মার্চে। তবে তার আগেই ছবির নির্মাতা ফাখরুল আরেফীন ঘটা করে উদ্যাপন করলেন এর জন্মদিন। ৩ জানুয়ারি জন্মদিন উদ্যাপন উপলক্ষে হাজির হয়েছিলেন চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীরা। অনুষ্ঠানে এসেছিলেন ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়ও।
চলচ্চিত্র মুক্তির আগেই জন্মদিন উদ্যাপন! প্রসঙ্গটি শুরুতেই খোলাসা করলেন পরিচালক, ‘আমরা গত বছর ৩ জানুয়ারি থেকে পুরো টিম একসঙ্গে কাজ শুরু করেছিলাম। তবে শুটিং শুরু হয়েছিল পরের মাসের শুরুতে। তাই ওই তারিখটিকে ভুবন মাঝির জন্মদিন ধরে এ বছর সবাই মিলিত হয়েছিলাম। কেক কাটা, গানবাজনার পাশাপাশি একটা পুনর্মিলনী হয়ে গেল।’
ফাখরুল আরেফীনের বাসায়ই হয়েছিল এ আয়োজন। কলকাতার অভিনেতা পরমব্রত ঢাকায় এসেছিলেন ব্যক্তিগত কাজে। কিন্তু জন্মদিন পড়ে যাওয়ায় মিলিত হয়েছিলেন দলের সঙ্গে। গত শুক্রবার আবার কলকাতায় ফিরে গেছেন তিনি।
পরিচালক জানালেন, পরমব্রত অনুষ্ঠানে শাহ আবদুল করিমের দুটি গান গেয়ে শোনান। পাশাপাশি কবিতা, গান ও শুটিংয়ের স্মৃতিচারণা করেছেন সবাই।
এরই মধ্যে ভুবন মাঝির শুটিং, ডাবিং শেষ। জমা দেওয়া হয়েছে সেন্সর বোর্ডে। খুব তাড়াতাড়ি ছাড়পত্রও পেয়ে যাবেন বলে জানালেন পরিচালক।