'ভুবন মাঝি'র ব্যতিক্রমী আয়োজন

কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে ঘুরছিলেন দুই বন্ধু। নো ম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে হঠাৎ দেখলেন, বন্দুক তুলে তেড়ে আসছে ভারতীয় সীমান্তরক্ষীরা। যেন এক্ষুনি গুলি ছুড়বে। প্রাণভয়ে দুই বন্ধু ছুটতে থাকেন বাংলাদেশের সীমান্তের দিকে, যেখানে উড়ছিল লাল-সবুজ পতাকা। গুলিবিদ্ধ হয়েও যদি পতাকার কাছে পৌঁছানো যায়, তবু লোকে জানবে, তাঁরা বাংলাদেশের নাগরিক। গল্পটি বলছিলেন ভুবন মাঝি ছবির পরিচালক ফাখরুল আরেফিন। বলছিলেন, ‘তখন মনে হচ্ছিল, একটি পতাকা কতটা নির্ভরতার আশ্রয় হতে পারে।’

‘আমার পতাকা, আমার বাংলাদেশ’ নামে এক প্রচারণা শুরু করেছে ভুবন মাঝি ছবির দল। এতে অভিনেতা ও কলাকুশলীরা জানিয়েছেন কবে তাঁদের প্রথম মনে হয়েছিল এই পতাকা তাঁদের। ভারতীয় অভিনেতা পরমব্রত সেখানে বলেছেন, ‘পারিবারিকভাবেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে আমি জানি। কিন্তু ছবির চিত্রায়ণের সময় যখন পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলো, তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানেটা আবারও নতুন করে বুঝতে পারি।’ প্রচারণার ওই ভিডিওতে নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনয়শিল্পী অপর্ণা ঘোষ, নওশাবা, মাজনুন মিজান ও ভারতীয় শিল্পী কালিকা প্রসাদ। এই প্রচারণায় অংশ নিতে পারবেন দর্শকেরা। প্রথম কবে মনে হয়েছিল ‘এই পতাকা তোমার, এই দেশ তোমার’, সেটা জানাতে এক মিনিটের ভিডিও বা দেড় শ শব্দের লেখা ছবির ফেসবুক পাতায় পোস্ট করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। নির্বাচক প্যানেলের মনোনয়ন পাওয়া ব্যক্তিরা ছবির উদ্বোধনী প্রদর্শনী দেখার সুযোগ পাবেন ভুবন মাঝি ছবির দলের সঙ্গে।
ফাখরুল আরেফিন বলেন, ‘সিনেমাকে সিনেমার বাইরে বের করে আনতে আমাদের এই আয়োজন। আমরা চাই মুক্তিযুদ্ধ তরুণদের নতুন করে স্পর্শ করুক। সামনে এ রকম আরও প্রচারণা চালাব আমরা।’ তিনি জানান, ভুবন মাঝি ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছে। ছাড়পত্র পেলে আগামী জানুয়ারি মাসে মুক্তি পাবে। একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবির গল্প শুরু হয়েছে ১৯৭০ সাল থেকে, শেষ হয়েছে ২০১৩ সালে। সরকারি অনুদানে নির্মিত এই ছবির বড় একটি অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ।